দ্য ওয়াল ব্যুরো : টাটা সন্সের চেয়ারম্যানের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল দু’বছর আগে। অপসারণকে বেআইনি বলে দাবি করে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছিলেন সাইরাস মিস্ত্রি। কিন্তু সোমবার ট্রাইবুনাল জানিয়ে দিল, কোম্পানির ডিরেক্টররা ইচ্ছা করলে চেয়ারম্যানকে সরিয়ে দিতেই পারেন।
সাইরাস মিস্ত্রি অবশ্য এর পরেও হাল ছাড়ছেন না। তিনি জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
চার বছর টাটা সন্সের চেয়ারম্যান পদে থাকার পরে ২০১৬ সালের অক্টবরে সাইরাস মিস্ত্রি চেয়ারম্যানের পদ থেকে অপসারিত হন। তার আগে তিনি প্রকাশ্যে ওই সংস্থার শেয়ার হোল্ডার ও বোর্ড অব ডিরেক্টরসের সমালোচনা করেন। অভিযোগ, বেশ কিছু গোপন তথ্যও সংবাদমাধ্যমের কাছে ফাঁস করে দিয়েছিলেন। তখন ডিরেক্টরদের বেশিরভাগ তাঁর প্রতি আস্থা হারিয়ে ফেলেন।
সাইরাস মিস্ত্রি কোর্টের রায় শুনে বলেন, আমি মোটেই খুশি নই। তবে এই রায় অপ্রত্যাশিত নয়। আমি ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালে আপিল করব। অন্যদিকে টাটা গ্রূপ থেকে বলা হয়েছে, সাইরাস মিস্ত্রির অপসারণ বেআইনি নয়। আমাদের সংস্থায় আগেও এরকম ঘটেছে।