বড়দিনের আগে রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম, তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই বলেই জানাল হাওয়া অফিস। তবে বর্ষশেষের দিকে পারদ কিছুটা নামতে পারে, তখনই শীতের স্পেল জোরালো হওয়ার ইঙ্গিত মিলছে।

আবহাওয়া (ফাইল ছবি)
শেষ আপডেট: 18 December 2025 11:25
দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের আগে কলকাতা ও রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। বরং বড়দিন পেরোনোর পর অর্থাৎ বর্ষশেষে এক দফা শীতের স্পেল দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার গতিপ্রকৃতি। ওই সময়ে পারদ বেশ কিছুটা নামতে পারে। তবে তার আগে আগামী পাঁচ থেকে সাত দিন তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
এই মুহূর্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। দিনভেদে খুব বেশি তারতম্য না হলেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী কয়েক দিনে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করবে পারদ। তার জেরে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ কিছুটা কমবে, আর দিনের বেলায় শীতের অনুভূতি অনেকটাই হালকা হবে।
সকালের দিকে হালকা কুয়াশা (Fog) বা ধোঁয়াশা দেখা যেতে পারে। দু’এক জায়গায় মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকলেও রাজ্যে ঘন কুয়াশার (Dense Fog) কোনও সতর্কতা জারি নেই। দিনভর মূলত পরিষ্কার আকাশই থাকার সম্ভাবনা।
আবহাওয়ার সিস্টেম কী বলছে?
উত্তর-পশ্চিম ভারতে (North-West India) সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance)। জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) সংলগ্ন পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) রয়েছে। পাশাপাশি ইরান সংলগ্ন এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এরই সঙ্গে উত্তর ভারতে সক্রিয় রয়েছে ওয়েস্টারলি জেট স্ট্রিম (Westerly Jet Stream)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও একটু বেড়েছে এবং চলতি সপ্তাহে সামান্য বাড়তে পারে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা একদিনে প্রায় এক ডিগ্রি বেড়েছে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে।
শীতের আমেজ কমেছে, তবে একেবারে উধাও নয়। তাপমাত্রায় সামান্য তারতম্য হলেও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী সাত দিন রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি কিংবা সামান্য ওপরে-নীচেই থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা, পরে পরিষ্কার আকাশ। আবহাওয়া থাকবে শুষ্ক (Dry Weather), বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের চিত্র
উত্তরবঙ্গে সকালে হালকা কুয়াশার সম্ভাবনা থাকলেও পরে আকাশ পরিষ্কার হবে। শুষ্ক আবহাওয়াই থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও শীতের আমেজ বজায় থাকবে। তবে সকাল ও রাতে শীত কিছুটা কম অনুভূত হতে পারে, দিনের বেলায় শীতের দাপট অনেকটাই হালকা হবে।
দার্জিলিং (Darjeeling) জেলা ও সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পার্বত্য এলাকা ও উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদা ও সংলগ্ন উত্তরবঙ্গের নীচের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রির ঘরে।
কলকাতার আপডেট
কলকাতায় আপাতত জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। উইকেন্ড পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আকাশ থাকবে মূলত পরিষ্কার। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা, পরে রোদ ঝলমলে আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি এবং গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা (Relative Humidity) ৪৬ থেকে ৯২ শতাংশের মধ্যে।
ভিন রাজ্যের আবহাওয়া
উত্তরাখণ্ড (Uttarakhand) ও পশ্চিম মধ্যপ্রদেশে (West Madhya Pradesh) শৈত্য প্রবাহের পরিস্থিতি। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কিছু অংশে শীতল দিনের (Cold Day) অবস্থা। উত্তরপ্রদেশ, পাঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana) ও চন্ডিগড়ে (Chandigarh) ঘন কুয়াশার চরম সতর্কতা জারি রয়েছে। রাজধানী দিল্লিতেও (Delhi) ঘন কুয়াশার দাপট চলবে। একই সঙ্গে ওড়িশা, রাজস্থান, হিমাচল, উত্তরাখণ্ড এবং উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরাতেও ঘন কুয়াশার প্রভাব দেখা যাবে।