দ্য ওয়াল ব্যুরো : কেরলের কোভিড পরিস্থিতি নিয়ে যখন উদ্বেগ বেড়ে চলেছে, তখনই আশার খবর শোনাল দিল্লি। শনিবার পুর প্রশাসনের স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, গত চারদিন রাজধানীতে একজনও কোভিডে মারা যাননি (No Covid death)। অতিমহামারী শুরুর পর থেকে দিল্লিতে মারা গিয়েছেন মোট ২৫ হাজার ৮২ জন। শনিবার সকালে পাওয়া তথ্য অনুযায়ী, তার আগের ২৪ ঘণ্টায় শহরে কোভিডে আক্রান্ত হয়েছেন ৫৫ জন। অতিমহামারী শুরু হওয়ার পর থেকে শহরে মোট ১৪ লক্ষ ৩৭ হাজার ৯২৯ জন আক্রান্ত হয়েছেন। সেখানে পজিটিভিটি রেট এখন ০.০৮ শতাংশ।
দিল্লিতে শুক্রবার কোভিডে আক্রান্ত হন ৩৫ জন। বৃহস্পতিবার আক্রান্ত হন ৩৯ জন। বুধবার আক্রান্ত হন ৩৬ জন। মঙ্গলবার আক্রান্ত হন ২৮ জন। শহরে কোভিড আক্রান্তদের ৮০ শতাংশ এখন হোম আইসোলেশনে আছেন। কোভিড থেকে সেরে ওঠার হার ৯৮.২৩ শতাংশ।
শনিবার সকালে পুর প্রশাসন জানায়, তার আগের ২৪ ঘণ্টায় মোট ৭০ হাজার ৩০৩ জনের কোভিড টেস্ট করা হয়েছে। তাঁদের মধ্যে আরটি পিসিআর টেস্ট করা হয়েছে ৪৮ হাজার ৫১০ জনের। অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে ২১ হাজার ৭৯৩ জনের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তাঁর সরকার এখন যুদ্ধকালীন তৎপরতায় অতিমহামারীর তৃতীয় ঢেউয়ের মোকাবিলার ব্যবস্থা করছে।
প্রায় দেড় বছর বাদে খুলে গিয়েছে দিল্লির স্কুলগুলি। সেপ্টেম্বরের শুরু থেকে সেখানে সকাল ন'টা থেকে ১২ টা পর্যন্ত ক্লাস হচ্ছে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিরা বলেন, স্কুল খুলতে আর দেরি করা যায় না। তাহলে একটা পুরো প্রজন্মের শিক্ষালাভ ব্যাহত হবে।
কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ার জন্য কেরলে একাদশ শ্রেণির পরীক্ষা বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ৬ সেপ্টেম্বর থেকে অফলাইনে ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু শীর্ষ আদালত এদিন বলেছে, চোট ছেলেমেয়েরা পরীক্ষা দিতে এসে ভাইরাসে আক্রান্ত হতে পারে। তাই পরীক্ষা এক সপ্তাহ স্থগিত রাখা হল।
বিচারপতি খানউইলকরের নেতৃত্বে এক বেঞ্চ মন্তব্য করে, "কেরলের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সেখানে দৈনিক ৩৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। সারা দেশে যতজন করোনা পজিটিভ হচ্ছেন, তাঁদের ৭০ শতাংশই কেরলের বাসিন্দা।"
ভারতে কোভিড অতিমহামারীর নতুন এপিসেন্টার হয়ে উঠেছে কেরল। গত বৃহস্পতিবার জানা যায়, অতিমহামারী শুরু হওয়ার পরে দক্ষিণের ওই রাজ্যে ৪১ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। সেখানে টেস্ট পজিটিভিটি রেট ১৮.৪১ শতাংশ। কেরলের পরে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৪৫৬ জন।
গত কয়েক দিন ধরে কেরলে দৈনিক ৩০ হাজারের বেশি মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছেন। রাজ্যে কোভিডে মোট মারা গিয়েছেন ২১ হাজার জন।