দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরু থেকেই ভুগিয়েছে বৃষ্টি। কখনও বর্ষার ঝোড়ো ব্যাটিং কখনও আবার সাইক্লোন ইয়াস, বৃষ্টি হয়েছে গোটা বছর জুড়েই। পুজোতেও রেহাই মেলেনি। এবার বছরের শেষ লগ্নে শীতের পথেও কাঁটা হয়ে দাঁড়িয়েছে সেই বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের জেরে ডিসেম্বরেও জাঁকিয়ে ঠান্ডার দেখা নেই। বরং তাপমাত্রা আরও বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় আবারও এক ডিগ্রি বেড়ে গেছে কলকাতার তাপমাত্রা। আবহাওয়া দফতরের তরফে জানা গেছে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের চেয়ে প্রায় এক ডিগ্রি বেশি। আর এদিন সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ২৪.৫ ডিগ্রি পর্যন্ত।
তবে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সোমবার থেকে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছিল আলিপুর। কিন্তু এদিন সকালের পূর্বাভাস, আজ বৃষ্টি হচ্ছে না।
হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার থেকে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা ও তার আশপাশের এলাকায় আকাশ থাকবে মেঘলা। সেই সঙ্গে ডিসেম্বর-সুলভ ঠান্ডার লেশমাত্র থাকবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা বাড়বে। নতুন বছরের শুরুতেও তাপমাত্রার পারদ খুব একটা নীচে নামার সম্ভাবনা নেই বলেই খবর।