
শেষ আপডেট: 15 January 2023 06:53
দ্য ওয়াল ব্যুরো: রামচরিতমানস (Ramcharitmanas) সমাজে বিভেদ, বৈষম্য সৃষ্টি করেছে। দুদিন আগে নালন্দা ওপেন ইউনিভার্সিটির অনুষ্ঠানে এমন মন্তব্য করেছিলেন বিহারের শিক্ষামন্ত্রী চন্দ্রশেখর। তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করে বিহারের রাজনীতির উত্তাপ বড় রকমের ফাটল ধরিয়েছে শাসক মহাজোটের প্রধান দুই শরিক লালুপ্রসাদ যাদবের আরজেডি (RJD) এবং নীতীশ কুমারের জেডিইউ-র (JDU) মধ্যে। মুখ্যমন্ত্রী নীতীশ 'আমি কিছু জানি না' বলে ভারসাম্যের রাজনীতি বজায় রাখার চেষ্টা করলেও তাঁর দলের নেতারা শিক্ষামন্ত্রী তথা আরজেডি নেতা চন্দ্রশেখরের বিরুদ্ধে বিজেপির থেকেও চড়া সুরে মুখ খুলেছেন।
প্রবীণ বিজেপি নেতা, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী দলের তরফে সাংবাদিক বৈঠক করে মন্ত্রীকে বরখাস্তের দাবি জানিয়েছেন। তিনি বলছেন, বিহারে মহাজোটের সরকারের দিন ফুরিয়ে এসেছে। বিজেপি বলছে, বিহারের রাজনীতিতে আরজেডি এবং জেডিইউ হল তেল আর জল। এই দুয়ে কখনও মিশতে পারে না।

মুখ্যমন্ত্রী নীতীশের জেডিইউর বিধায়ক নীরজ কুমার পাটনা রেল স্টেশন লাগোয়া হনুমান মন্দিরের বাইরে দাঁড়িয়ে রামচরিতমানস পাঠ করে বিক্ষোভ দেখান। তাঁর দাবি, মন্তব্য প্রত্যাহার করে মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।
নীতীশের পার্টির সংসদীয় দলের সভাপতি উপেন্দ্র কুশওয়া সাংবাদিক বৈঠক ডেকে বড় জোট আরজেডির মন্ত্রীর মন্তব্যের নিন্দা করেছেন। চড়া সুরে বলেছেন, এর ফলে বিজেপি শক্তিশালী হবে। তাঁর মন্তব্য, দলগতভাবে প্রতিবাদ না করে ভুল করছেন নীতীশ কুমার। সরকারও এই ধরনের মন্তব্যের জেরে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।
জেডিইউ'র এই নেতার ঘটা করে সাংবাদিক সম্মেলন ডাকার পিছনে আবার অন্য অঙ্ক দেখতে পাচ্ছেন শাসক জোটের নেতারা। কুশওয়ার সঙ্গে ইদানীং তাঁর নেতা নীতীশের সম্পর্ক ভাল যাচ্ছে না। মন্ত্রী না করায় হালে নিজের দলের সরকারের বিরুদ্ধে প্রকাশেই সরব এই প্রবীণ নেতা। অনেকেই মনে করছেন, শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উদ্ভুত পরিস্থিতির সুযোগ নিয়ে একদা নীতীশ ঘনিষ্ঠ এই নেতা পদ্ম শিবিরে নাম লেখাতে পারেন।
লক্ষণীয়, মন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে উঠলেও লালুপ্রসাদের দল রা কাড়ছে না। উল্টে শিক্ষামন্ত্রী অবস্থানে অনড়। তাঁর বক্তব্য, যা বলেছি, ঠিক বলেছি। সূত্রের খবর, আরজেডি নেতৃত্ব মনে করছে, শিক্ষামন্ত্রীর মন্তব্যের জেরে বিবাদ বাড়বে মুখ্যমন্ত্রীর দলে। তাঁকেই সামলাতে হবে দলের ক্ষোভ।
নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রানওয়ের উপরেই ভেঙে পড়ল বিমান, ভিতরে ছিলেন ৭২ জন