
শেষ আপডেট: 25 June 2023 15:08
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সদ্য শেষ হওয়া মার্কিন সফর চলাকালীন ভারতে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama)। তিনি বলেছিলেন, মুসলিমদের মানবাধিকারে নজর না দিলে ভারত খণ্ড খণ্ড হতে পারে। এবার তার পাল্টা উত্তর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।
আজ, রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মনে করিয়ে দিলেন, মুসলিমদের হয়ে কথা বলা এই ওবামাও কিন্তু ৬টি মুসলিমপ্রধান দেশে ২৬ হাজার বোমা মেরেছিলেন।
এদিন অর্থমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী মোদী আমেরিকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট বলেছেন এ দেশের সরকার সবকা সাথ সবকা বিকাশের নীতিতে চলে। এ দেশে কোনও সম্প্রদায়ের প্রতিই বিদ্বেষমূলক আচরণ করা হয় না। কিন্তু বিরোধীরা তো সে কথা মানতে নারাজ।'
একথা বলে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দলকেও একহাত নেন নির্মলা। তাঁর কথায়, 'ওরা এমন বিষয় নিয়ে তর্ক করে, যেগুলোর আসলে কোনও তথ্যপ্রমাণই নেই।' নির্মলা এ-ও মনে করিয়ে দেন, 'ভারতের প্রধানমন্ত্রী হিসাবে মোদীকে যে ১৩টি পুরস্কার দেওয়া হয়েছে তার মধ্য়ে ৬টি দিয়েছে মুসলিমপ্রধান দেশ।'
কী বলেছিলেন বারাক ওবামা, পড়ুন: মোদীকে বাইডেনের বলা উচিত সতর্ক হোন, নইলে ভারত ভেঙে টুকরো হতে পারে: বিস্ফোরক ওবামা
এখানেই না থেমে এর পরে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিশানা করেন নির্মলা। বলেন, 'আমি তো ওবামার মন্তব্যে স্তম্ভিত। প্রধানমন্ত্রী যখন আমেরিকায় ভারতের হয়ে কথা বলছিলেন, ঠিক সেই সময় ভারতে মুসলিমদের নিয়ে মুখ খুলেছেন তিনি! আমরা তো আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। কিন্তু সেখানেও এমন একজনের থেকে আমাদের কথা শুনতে হবে, যিনি নিজে প্রেসিডেন্ট থাকার সময়ে ছ’টি মুসলিম প্রধান দেশে ২৬ হাজারেরও বেশি বোমা ফেলেছিলেন! তাঁর অভিযোগ কি আদৌ বিশ্বাসযোগ্য?'
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আরও জানিয়েছেন, এইসব বলে আসলে ভারতের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে মনে হয়। কারণ বিরোধীরা বুঝে গিয়েছেন, মোদীর উন্নয়নের সঙ্গে তাঁরা পাল্লা দিতে পারবেন না।
রাজ্যপালের সঙ্গে রাজীবের কথা যেন শেষই হচ্ছিল না, এত কী আলোচনা হল বড়লাটের বাড়িতে