খরচ ছাড়াই মিলবে প্যান কার্ড, তাও মাত্র ১০ মিনিটে, লকডাউনেই নয়া সুবিধা চালু কেন্দ্রের
দ্য ওয়াল ব্যুরো: ঘরে বসেই পাওয়া যাবে প্যান কার্ড। সময় লাগবে মাত্র ১০ মিনিট। তার উপরে কোনও খরচও নেই। নতুন পরিষেবা চালু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান একটি গুরুত্বপূর্ণ নথি। এটা না থাকলে আপ
শেষ আপডেট: 28 May 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: ঘরে বসেই পাওয়া যাবে প্যান কার্ড। সময় লাগবে মাত্র ১০ মিনিট। তার উপরে কোনও খরচও নেই। নতুন পরিষেবা চালু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান একটি গুরুত্বপূর্ণ নথি। এটা না থাকলে আপনি অনেক কাজই করতে পারবেন না। আয়কর রিটার্ন ফাইল কিংবা ব্যাঙ্কে ৫০ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে এটি আবশ্যিক। বেশি পরিমাণে সোনা কিনতেও এখন প্যান লাগে। এখন বিশ্বজুড়ে চলা মহামারী আর তার কারণ দেশে লকডাউনের জেরে মানুষ বাড়ির বাইরে যেতে পারছেন না। তারই মধ্যে নতুন সুবিধা নিয়ে এল কেন্দ্র। যাঁদের প্যান কার্ড নেই, তাঁরা নতুন প্যান কার্ড পেয়ে যাবেন বাড়িতে বসেই।
আরও পড়ুন
গত সাধারণ বাজেট পেশ করার সময়েই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, প্যান কার্ডের আবেদন করার প্রক্রিয়া সহজ করার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে সরকার। একই সঙ্গে তৎকাল প্যান কার্ড তৈরির সুবিধার কথাও জানান অর্থমন্ত্রী। সেই মতোই পরিষেবা নিয়ে এল কেন্দ্র। আধার কার্ডের সাহায্যে এখন ১০ মিনিটেই মিলতে পারে প্যান। তবে এক্ষেত্রে আধার ও তার সঙ্গে একটি ফোন নম্বর সংযুক্ত থাকতেই হবে। আধারই কেওয়াইসি-র কাজ করবে।
এই পদ্ধতি গত ফেব্রুয়ারি মাস থেকেই পরীক্ষামূলক ভাবে শুরু করে আয়কর দফতর। তবে আনুষ্ঠানিকভাবে পরিষেবা শুরু হল ২৮ মে। আয়কর দফতর জানিয়েছে, এরই মধ্যে এই ভাবে প্যান বানিয়েছেন ৬.৭ লাখের বেশি মানুষ। অনলাইনে প্যানের জন্য আবেদন করাও খুবই সহজ। আয়কর দফতরের ওয়াবসাইটে (incometaxindia.gov.in) গিয়ে নির্দিষ্ট জায়গায় আধার নম্বর দিতে হবে। এর পরে আধারের সঙ্গে সংযুক্ত ফোন নম্বরে আসবে ওটিপি। সেটি দিলেই কাজ শেষ। এর পরে ১৫ সংখ্যার একটি অ্যাকনলেজমেন্ট নম্বর পাঠাবে আয়কর দফতর। সেটি ব্যবহার করে ই-প্যান কার্ড ডাউনলোড করে নেওয়া যাবে। গ্রাহক নিজের মেইল আইডি দিলে সেখানেও এসে যাবে ই-প্যান।
আয়কর দফতর জানিয়েছে, ২৫ মে পর্যন্ত দেশে ৫০.৫২ কোটি করদাতার প্যান ইস্যু হয়েছে। এর মধ্যে ব্যক্তিগত করদাতা ৪৯.৩৯ কোটি। এখনও পর্যন্ত ৩২.১৭ কোটি প্যানের সঙ্গে আধার যুক্ত হয়েছে। উল্লেখ্য, এখন আধার ও প্যান যুক্ত করা বাধ্যতামূলক। সময়সীমা ছিল গত ৩১ মার্চ। লকডাউনের জন্য সেটা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে।