
শেষ আপডেট: 29 October 2019 04:36
জল্পনা চলছিলই। গত মাসের ২৭ তারিখে নেপালের মানসলু (৮১৬৩ মিটার) আরোহণ করা হলে ১৩ নম্বর আট-হাজারি শৃঙ্গ আরোহণ করা হয়ে যায় তার। তার পরে বাকি ছিল কেবল শিশাপাংমা (৮০১২ মিটার) আরোহণ। পর্বতটি চিনে (তিব্বত) অবস্থিত। কিন্তু চিন এ বছরের মতো শিশাপাংমা আরোহণ মরসুম বন্ধ করে দিয়েছিল। নির্মল পুর্জা জানিয়েছিলেন, তিনি হাল ছাড়বেন না। পর্বতারোহণের ইতিহাসের এক বিস্ময়কর ও অভূতপূর্ব কীর্তিকে সাপোর্ট করতে নির্মলের জন্য নিশ্চয় দরজা খুলে দেবে চিন।
হলও তাই।
অক্টোবরে অনুমতি পেতেই শিশা পাংমার উদ্দেশে বেরিয়ে পড়েন নির্মল পুর্জা ও তাঁর দল। আজ, শুক্রবার সুখবর এল। নির্ধারিত সময়ের অনেক আগেই মিশন শেষ করে কৃতিত্বের মাইলস্টোন গড়লেন পুর্জা। সৃষ্টি হল এক অকল্পনীয় ইতিহাস। নির্মল পুর্জা প্রমাণ করে দিলেন, মানুষের ইচ্ছাশক্তি ও শারীরিক সক্ষমতার মেলবন্ধনে সব অসম্ভবকে জয় করা যায়।
আজ সকালেই নির্মল পুর্জার ফেসবুক পেজেও ঘোষণা করা হয়েছে এই ইতিহাস রচনার কথা। অসম্ভবকে ছুঁয়ে ফেলার কথা।
https://www.facebook.com/1923099644411373/posts/2443641002357232/?substory_index=0
পৃথিবীর প্রথম আরোহী হিসেবে সবচেয়ে কম সময়ে, মাত্র সাত মাসে ১৪টি আটহাজারি শৃঙ্গ আরোহণ করার লক্ষ্য নিয়ে চলতি বছরের এপ্রিল মাসে ‘মিশন প্রজেক্ট পসিবল’ শুরু করেছিলেন নির্মল পুর্জা। যে মিশন পর্বতারোহীদের কাছে এত বছর ধরে ‘ মিশন ইমপসিবল’ ছিল। তিনি সেটা পসিবল করে দেখাতে চেয়েছেন। তাই তাঁর মিশনের নাম-ও ‘প্রজেক্ট পসিবল ১৪/৭’।
চলতি বছরের এপ্রিল মাসের ২৩ তারিখে নেপালের অন্নপূর্ণা শিখর আরোহণ দিয়ে শুরু হয়েছিল ব্রিটিশ আর্মির গোর্খা ব্রিগেডের রিটায়ার্ড অফিসার নির্মল পুর্জার ‘মিশন প্রজেক্ট পসিবল’। আজ, শুক্রবার, ২৯ অক্টোবর সকাল ৮:৫৮-তে শেষ হল এই লড়াই। গোটা অভিযানে নির্মল পুর্জার সঙ্গেই ছিলেন মিংমা ডেভিড শেরপা, গ্যালজেন শেরপা, গাসমান তামাং। তাঁরাও পুর্জার সঙ্গেই প্রায় সব ক'টি পিক ক্লাইম্ব করেছেন এই প্রজেক্টে।
এক নজরে ‘প্রজেক্ট পসিবল’ মিশনে নির্মলের জার্নি
১ অন্নপূর্ণা (৮,০৯১ মিটার) ২৩ এপ্রিল ২০১৯
২ ধৌলাগিরি (৮১৬৭মিটার) ১২ মে ২০১৯
৩ কাঞ্চনজঙ্ঘা (৮৫৮৬মিটার) ১৫ মে ২০১৯
৪ এভারেস্ট (৮৮৪৮মিটার) ২২ মে ২০১৯
৫ লোৎসে (৮৫১৬ মিটার) ২২ মে ২০১৯
৬ মাকালু (৮৪৬৩ মিটার) ২৪ মে ২০১৯
৭ নাঙ্গা পর্বত (৮১২৫ মিটার) ৩ জুলাই ২০১৯
৮ গাশের ব্রুম-১ (৮০৬৮ মিটার) ১৫ জুলাই ২০১৯
৯ গাশের ব্রুম-২ (৮০৩৫ মিটার) ১৮ জুলাই ২০১৯
১০ কে ২ (৮৬১১ মিটার) ২৪ জুলাই ২০১৯
১১ ব্রড পিক (৮০৪৭ মিটার) ২৬ জুলাই ২০১৯
১২ চো ইয়ু (৮২০১মিটার) ২৩ সেপ্টেম্বর ২০১৯
১৩ মানসলু (৮১৬৩ মিটার) ২৭ সেপ্টেম্বর ২০১৯
১৪ শিশা পাংমা (৮০১২ মিটার) ২৯ অক্টোবর ২০১৯