দ্য ওয়াল ব্যুরো : নির্ভয়া মামলার তিন আসামীর ক্ষমাভিক্ষার আবেদন নাকচ হয়ে গিয়েছে আগেই। মুকেশ কুমার সিং, বিনয় কুমার শর্মা ও অক্ষয় কুমারের পক্ষে আর কোনওভাবেই ফাঁসি থেকে রেহাই পাওয়া সম্ভব নয়। একমাত্র বাকি আছে পবন গুপ্ত। ২৫ বছরের পবনের সামনে আর একবার আবেদনের সুযোগ ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে সে সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করল শুক্রবার।
গত ১৭ ফেব্রুয়ারি দিল্লির এক আদালত ঘোষণা করে, আগামী ৩ মার্চ নির্ভয়া মামলার চার আসামীকে ফাঁসি দেওয়া হবে। এর আগে দু'বার তাদের ফাঁসির দিন ঘোষণা করা হয়েছিল। কিন্তু অপরাধীরা একে একে ক্ষমা চেয়ে আবেদন করায় তাদের ফাঁসি দেওয়া যায়নি।
এর আগে তিহাড় জেল কর্তৃপক্ষের তরফে চার দোষী মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তকে নোটিস পাঠানো হয়েছে। তাতে লেখা রয়েছে মুকেশ সিং ও পবন গুপ্ত ১ ফেব্রুয়ারির আগে পরিবারের সঙ্গে দেখা করেছিল। তাই তারা আর দেখা করতে পারবে না। কিন্তু অন্য দুই দোষী অর্থাৎ অক্ষয় ঠাকুর ও বিনয় শর্মা ৩ মার্চ ফাঁসির আগে পরিবারের সঙ্গে শেষবার সাক্ষাৎ করতে পারবে।
যদিও এই দেখা করার নোটিসের উত্তরে অক্ষয় ও বিনয় কী বলেছে তা জানা যায়নি।
শেষবার ফাঁসির সাজা ঘোষণার পরেই তিহাড় জেলে মাথা ঠুকে নিজেকে আহত করে বিনয় শর্মা। তারপরে আদালতের সামনে তার আইনজীবী জানান, “মাথায় গুরুতর চোট পেয়েছে বিনয়। তার ডান হাতেও ফ্র্যাকচার হয়েছে। মানসিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েছে বিনয়। ও এখন কাউকে চিনতে পারছে না। এমনকি ওর মাকেও নয়। ওকে ইনস্টিটিউট অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসে পাঠানোর আবেদন জানাচ্ছি আমি।” এই আবেদনের পরে তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দ্র রাণা। সেই রিপোর্ট এদিন জমা দিয়েছে তিহাড় জেল কর্তৃপক্ষ।