দ্য ওয়াল ব্যুরো: আইনের সব রাস্তাই কার্যত বন্ধ। জেলের ভিতরেই আমরণ অনশনে বসেছিল ফাঁসির আসামি বিনয় শর্মা। এবার জেলের ভিতরেই দেওয়ালে মাথা ঠুকে নিজেকে আহত করার চেষ্টা করল বিনয়।
তিহাড় জেলের এক আধিকারিক জানিয়েছেন, গত রবিবার নিজের সেলের মধ্যেই দেওয়ালে মাথা ঠুকতে শুরু করে বিনয়। এক জেল কর্মী দেখে ফেলায় তাঁকে উদ্ধার করে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা বলেছেন, চোট সামান্যই বিনয়ের।
দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে ১৭ ফেব্রুয়ারি নতুন করে মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পরেই বিনয়ের আইনজীবী আদালতে অভিযোগ করেছিলেন, জেলের মধ্যে তাকে মারধর করা হয়েছে। জেল কর্তৃপক্ষ নাকি বিনয়ের সঙ্গে অশালীন আচরণ করেন। সে মানসিকভাবেও সুস্থ নয়। তাই তার ফাঁসি পিছিয়ে দেওয়া হোক। দণ্ডিতের আইনজীবীর এই আর্জিতে অবশ্য কান দেয়নি আদালত। আগামী ৩ মার্চ ভোর ৬টায় নির্ভয়ার চার দোষী বিনয় শর্মা, পবন গুপ্ত, অক্ষয় ঠাকুর ও মুকেশ সিংকে একসঙ্গে ফাঁসিতে ঝোলাবার রায় দিয়েছেন বিচারক ধর্মেন্দ্র রানা বিনয়ের আইনজীবী আদালতে অভিযোগ করেছিলেন, জেলের মধ্যে তাকে মারধর করা হয়েছে।
ফাঁসির আসামিদের মধ্যে নানারকম অস্বাভাবিক প্রবণতা দেখা যায়। অনেকেই আত্মহত্যার চেষ্টা করে, কেউ নিজেকে আহত করে ফাঁসি পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তিহাড় জেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, শুরু থেকেই নানা টালবাহানা করে ফাঁসি রদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে চার আসামি। কখনও তারা মারধোর, যৌন নির্যাতনের দোষ চাপাচ্ছে জেল কর্তৃপক্ষের উপরে, আবার কখনও বলছে জেল কর্তৃপক্ষের কারণেই তারা আদালতে প্রাণভিক্ষার আপিল করতে পারছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেল আধিকারির বলেছেন, বিনয় সম্পূর্ণভাবেই সুস্থ রয়েছে। তার মধ্যে কোনওরকম মানসিক বিকার দেখা যায়নি। মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পরেই প্রাণভিক্ষার আরও কোনও রাস্তা খোলা নেই দেখে সে আমরণ অনশনে বসেছে। তাতেও বিশেষ ফল না হওয়ায়, এখন নিজের মাথা ঠুকে বাঁচার চেষ্টা চালাচ্ছে।
২০১২ সালে প্যারামেডিক্যাল ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ ও নৃশংস অত্যাচারের পর খুনের ঘটনায় চার দণ্ডিত মুকেশ সিংহ, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তর ফাঁসির আদেশ দেয় নিম্ন আদালত। তার পর থেকেই দীর্ঘ আইনি লড়াই চলছে। পবন গুপ্ত বাদে তিন জনই তাদের সমস্ত আইনি বিকল্প শেষ করে ফেলেছে। বিনয়ের সর্বশেষ প্রাণ ভিক্ষার আর্জিও খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পবন গুপ্তের হাতে এখনও রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন) এবং রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জির বিকল্প থাকলেও তারও কোনও আবেদন কোথাও আটকে নেই বলেও জানান জেল কর্তৃপক্ষের আইনজীবীরা। এর পরেই বিচারক তৃতীয় বারের জন্য মৃত্যু পরোয়ানা জারি করেন।
এর আগেও নির্ভয়া কণ্ডের দণ্ডিতদের ফাঁসির দিনক্ষণ নির্ধারিত করে দু’বার মৃত্যু পরোয়ানা জারি করেছে পাটিয়ালা হাউস কোর্ট। প্রথম পরোয়ানায় ফাঁসি কার্যকরের তারিখ ছিল ২২ জানুয়ারি। তার পর দ্বিতীয় পরোয়ানায় সেই তারিখ ছিল ১ ফেব্রুয়ারি। কিন্তু তার মধ্যেও সব আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় গত ৩১ জানুয়ারি পাতিয়ালা হাউস কোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফাঁসি কার্যকরের উপর স্থগিতাদেশ দেয়। দিল্লি হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একসঙ্গে মামলা করেছিল কেন্দ্রীয় ও দিল্লির সরকার। দাবি ছিল, যাদের সামনে আইনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, তাদের আলাদা ভাবে ফাঁসিতে ঝোলানো যাবে না কেন এবং এক অপরাধীর সমস্ত আইনি প্রক্রিয়া শেষ হয়নি বলে বাকিদের ফাঁসি পিছিয়ে যাবে কেন সে প্রশ্নও তুলেছিল কেন্দ্রীয় সরকার।গত মঙ্গলবার হাইকোর্টের দেওয়া সময়সীমা শেষের পর শীর্ষ আদালত জানায়, নিম্ন আদালতে এ বার মৃত্যু পরোয়ানা জারি করতে আর কোনও বাধা নেই। সেই মতো পাটিয়ালা হাউস কোর্টে মৃত্যু পরোয়ানার আর্জি জানায় সরকার পক্ষ।