
শেষ আপডেট: 1 October 2018 05:52
খুব অল্প ক্ষেত্রেই সরকার কোনও অভিযুক্তের বিদেশের সম্পত্তি বাজেয়াপ্ত করে। টাকা তছরুপ প্রতিরোধী আইনের বেশ কয়েকটি ধারায় নীরব মোদীর বিরুদ্ধে মামলা হয়েছে। পিএনবি কেলেঙ্কারিতে আরও এক অভিযুক্ত আদিত্য নানাবতীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারি করা হয়েছে।
চলতি বছরে জানুয়ারিতে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে বিপুল পরিমাণ টাকা টাকা হাতিয়ে সপরিবারে দেশ ছাড়া হন নীরব মোদী এবং স্বর্ণব্যবসায়ী মামা মেহুল চোকসি। অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে মেহুল গা ঢাকা দিয়েছেন। এ খবর নিজেই প্রকাশ্যে নিয়ে আসেন। কিন্তু নীরবের অবস্থান নিয়ে সন্দিহান ছিলেন গোয়েন্দারা। তবে, অগস্ট মাসে সরকারিভাবে জানানো হয়, ব্রিটেনেই রয়েছেন নীরব মোদী।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, হংকং থেকে প্রায় ২০ কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করে দেশে ফেরানো হয়েছে। নীরব মোদীর নামেই এক বেসরকারি সংস্থায় এই সম্পত্তি গচ্ছিত ছিল। অন্য দিকে ব্রিটেনে ৫৭ কোটি টাকার অ্যাপার্টমেন্টেরও খোঁজ মিলেছে। যদিও নীরবের বোন পূরবী মোদীর নামে রয়েছে। বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টকেও বাজেয়াপ্ত করা হয়। লন্ডনের মার্লিবোন রোডের ম্যারাথন হাউজের ফ্ল্যাটটি ২০১৭ সালে বেলভেদার হোল্ডিং গ্রুপের নামে কেনা হয়। ইডি জানাচ্ছে, এই সংস্থার সঙ্গে পূরবী মোদীর যোগসাজশ রয়েছে। ইডির আরও দাবি, এই সম্পত্তিটি পিএনবি কেলেঙ্কারির টাকায় কেনা হয়েছে।