
রবীন্দ্র সরোবর থানায় ধৃতদের নিয়ে আসার ছবি
শেষ আপডেট: 12 October 2024 21:27
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতেই ত্রিধারা সম্মিলনীর পুজোমণ্ডপ থেকে বিচারের দাবিতে স্লোগান তোলার অপরাধে গ্রেফতার করা হয়েছিল ন’জনকে। শনিবার তাঁদের জেলমুক্তি ঘটল। ধৃত ন’জনকে শুক্রবার দুপুরেই অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। শনিবার সন্ধেয় রবীন্দ্র সরোবর থানা থেকে জামিনে মুক্তি মিলল তাঁদের।
এদিন জেল থেকে বেরিয়ে গোলপার্কের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁদের অভিযোগ, আমাদের মুখ বন্ধ করা যাবে না। প্রতিবাদ চলবেই। ইচ্ছাকৃতভাবে জটিলতা সৃষ্টি করছে পুলিশ। শুক্রবারই তাঁদের মুক্তি দেওয়া যেত। কিন্তু পুলিশের ইচ্ছেতে পুজোর কটা দিন জেলে থাকতে হল।
বুধবার রাতেই ত্রিধারার পুজো মণ্ডপে গিয়ে বিচার চাই স্লোগান তোলার কারণে গ্রেফতার হয়েছিলেন সুজয় মণ্ডল, উত্তরণ সাহা রায়, কুশল কর, জহর সরকার, সাগ্নিক মুখোপাধ্যায়, নাদিম হাজারি, ঋতব্রত মল্লিক, চন্দ্রচূড় চৌধুরী এবং দৃপ্তমান ঘোষ।
বৃহস্পতিবার নিম্ন আদালত তাঁদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। শুক্রবার কলকাতা হাই কোর্ট তাঁদের জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়ার পর তাঁদের ছাড়ার তোড়জোড় শুরু হয়। রবীন্দ্র সরোবর থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই নয় আন্দোলনকারীকে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ।
পরে নিম্ন আদালতের নির্দেশের পর তাঁদের লালবাজারের সেন্ট্রাল লক আপে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার বিকেলে তাঁদের রবীন্দ্র সরোবর থানায় নিয়ে আসা হয়।
রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়েরের কারণেই সেখান থেকেই জামিনে ছাড়া পেলেন ন’জন। এদিন বিকেল থেকেই থানার বাইরে ভিড় বাড়তে থাকে। সন্ধ্যা সাড়ে ৭টার পর থানা থেকে বেরিয়ে আসতে দেখা যায় ধৃতদের।