
শেষ আপডেট: 29 March 2024 17:19
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে তৃণমূলের আটজন নেতা-কর্মীকে তলব করল এনআইএ। ফের আগামীকাল শনিবার ওই আটজনকে এনআইএ-র দফতরে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এনআইএ সূত্রের খবর, তৃণমূল নেতা নবকুমার পাণ্ডা, সুবীর মাইতি, মানব কুমার পড়ুয়া-সহ আটজনকে নোটিস পাঠানো হয়েছে। তাঁদের শনিবার সকাল ১১টার মধ্যে কলকাতার এনআইএ দফতরে তলব করা হয়েছে।
প্রসঙ্গত, জাতীয় নিরাপত্তা সংস্থার এই নোটিসের কিছু আগেই টুইট করে তূণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, বিজেপি ও এনআইএ-র এক কর্তার মধ্যে গোপন আঁতাতের অভিযোগ এনেছেন। কুণালের অভিযোগ, ভোটের আগে তৃণমূল নেতাদের গ্রেফতার করতেই এনআইএ-র এক কর্তার বাড়িতে গোপন বৈঠক করেছেন বিজেপির দুই নেতা। কুণাল এও দাবি করেছিলেন, শনিবারই ফের তৃণমূলের কয়েকজন নেতাকে গ্রেফতার করতে তৎপর হতে পারে কেন্দ্রীয় সংস্থা।
তারপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তলবি নোটিস ঘিরে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও এনআইএ সূত্রের দাবি, গত বৃহস্পতিবার ওই আটজন তৃণমূল নেতাকে তলব করা হয়েছিল। তাঁরা তলব এড়িয়ে যাওয়ায় ফের নোটিস দেওয়া হয়েছে।
২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। ওই বিস্ফোরণে কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটে। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের বিরুদ্ধে বেআইনি বাজি করাবারের অভিযোগ উঠেছিল। ওই বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই ঘটনারই তদন্তে নেমেছে এনআইএ।