
শেষ আপডেট: 8 April 2024 12:43
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: এনআইএর উপর হামলাকারীদের খোঁজে ভূপতিনগরে হানা দিল পুলিশ । রবিবার রাতের পর শনিবারেও গ্রামে চলছে তল্লাশি। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। সিসিটিভি ফুটেজ দেখেই হামলাকারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। অন্যদিকে অভিযুক্তকে গ্রেফতার করতে এসে এনআইএর আধিকারিকরা ঘরে ঢুকে এক মহিলার শ্লীলতাহানি করে বলেও ভূপতিনগর থানায় একটি অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগেরও তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার ভূপতিনগর কাণ্ডে স্থানীয় তৃণমূল নেতা মানব পড়ুয়া-সহ মোট তিনজনকে তলব করল এনআইএ। তাদের কলকাতায় এনআইএর দফতরে দেখা করতে বলা হয়েছে। ২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। আদালতের নির্দেশে ভূপতিনগর বোমা বিস্ফোরণের তদন্ত শুরু করে এনআইএ। গ্রামের আট তৃণমূল নেতাকে তদন্তের জন্য কলকাতায় তলব করা হলেও তারা কেউই আসেননি বলে অভিযোগ। এরপরেই শনিবার ভোরে তাদের খোঁজে গ্রামে গিয়েছিলেন তদন্তকারীরা।
তৃণমূলের অঞ্চল সভাপতির পদে রয়েছেন বলাইচরণ মাইতি। অন্যদিকে বুথস্তরের নেতা মনোব্রত জানা। শাসকদলের এই দুই নেতাকে পাকড়াও করে আনার সময় গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় এনআইএর আধিকারিকদের। অভিযোগ, এনআইএর গাড়ি ভাঙচুর হয়। গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষুব্ধ গ্রামবাসীরা। পাথরের আঘাতে মাথা ফাটে এক এনআইএ আধিকারিকের। ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে যায়।
ভূপতিনগরের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন দফতর থেকে রিপোর্ট চাওয়ার পাশাপাশি জেলার পুলিশ সুপারের রিপোর্টও তলব করে নির্বাচন কমিশন। ঘটনা সম্পর্কে রিপোর্ট চাওয়া হয় নবান্নের কাছেও। শনিবার সন্ধেবেলা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর থেকে ফোন করা হয় ভূপতিনগর থানায়। শোরগোল পড়ে যায় সর্বত্র। তারপরেই রবিবার রাত থেকে হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয় গ্রামে গ্রামে।