
পোস্টার দিয়েছে এনআইএ
শেষ আপডেট: 26 July 2024 20:38
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: খয়রাশোল ব্লকের লোকপুর থানার গাংপুর বিস্ফোরণ-কাণ্ডে অভিযুক্তদের খোঁজ পেতে মাথা পিছু আর্থিক পুরস্কার ঘোষণা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। নিখোঁজ দুই ব্যক্তির সন্ধানে তাঁদের বাড়িতেও পোস্টার লাগিয়ে দেওয়া হয়। গাংপুর গ্রামের বাসিন্দা নিরঞ্জন মণ্ডল ও মৃত্যুঞ্জয় মণ্ডল। বিস্ফোরণের পর থেকেই তাঁরা নিখোঁজ। তাঁদের ছবি দিয়ে তাঁদের বাড়িতে ও এলাকার বেশিরভাগ গুরুত্বপূর্ণ এলাকায় রঙিন পোস্টার সাঁটিয়ে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গাংপুর গ্রামে বাবলু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের উড়ে যায় তার মাটির দোতলা বাড়ির টিনের চালা৷ ঘটনার সময় ঘর খালি থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি৷ অভিযোগ, বাড়িতে বোমা মজুদ করে রাখা হয়েছিল। পরের বছর অর্থাৎ ২০২০ সালে এই বিস্ফোরণ কাণ্ডের তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা এনআইএ। তখন থেকেই নিখোঁজ অন্যতম অভিযুক্ত নিরঞ্জন মণ্ডল ও মৃত্যুঞ্জয় মণ্ডল।
নিরঞ্জন ও মৃত্যুঞ্জয়ের খোঁজ দিতে পারলে এক লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে শুক্রবার পোস্টার দেওয়া হয়। গাংপুর গ্রাম সহ লোকপুর থানা চত্বরে এই পোস্টটার দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সম্প্রতি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণে চার্জশিট দিয়েছে এনআইএ। তাতে উল্লেখ করা হয়েছে রাজনৈতিক সভায় যাতে সবাই হাজির হয়, তাই ভয় দেখাতে তৈরি হচ্ছিল বোমা। অভিযোগ, বোমা তৈরির চক্রান্তে ছিলেন তৃণমূলের বুথ সভাপতি বলাইচরণ মাইতি। তাকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হন এনআইএর আধিকারিকরা। ৩৫ পাতার চার্জশিটে ৬ জনের নাম রয়েছে। এই ছ'জনের মধ্যে নাম রয়েছে তৃণমূল নেতা বলাইচরণ মাইতি ও দুই তৃণমূলকর্মী মনোব্রত জানা ও পঞ্চানন গড়াইয়ের।