.webp)
শেষ আপডেট: 10 January 2024 18:34
দ্য ওয়াল ব্যরো: গত ৫ জানুয়ারি শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিয়ানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসাররা।
ঘটনার পর ৫ দিন অতিক্রান্ত। সন্দেশখালির 'বাদশা'র এখনও খোঁজ পাননি তদন্তকারী সংস্থা ইডি বা রাজ্য পুলিশ। সূত্রের খবর, শাহজাহানের নাগাল পেতে এবার ইডিকে সহযোগিতা করতে মাঠে নেমেছে বিএসএফ এবং জাতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ।
ইডির আশঙ্কা, জলপথে বাংলাদেশে পালাতে পারে শাহজাহান। এ ব্যাপারে সতর্ক করা হয়েছে বিএসএফকে। সূত্রের খবর, সীমান্তে নজরদারির পাশাপাশি শাহজাহানের খোঁজে গোপনে তল্লাশিও শুরু হয়েছে। খোঁজখবর শুরু করেছেন এনআইএ-র কর্তারাও। একই সঙ্গে শাহজাহানের বিপুল সম্পত্তির হাল হকিকত জানতে তথ্য সংগ্রহে নেমেছে আয়কর দফতরও।
সূত্রের খবর, ঘন ঘন মোবাইল বদলাচ্ছেন সন্দেশখালির বাদশা। ফলে তাঁর নাগাল পেতে ভাল মতো বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের।
শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের খোঁজে গিয়ে মাথা ফেটেছিল ইডির তিন অফিসারের। আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ঘটনার পর রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হামলার কারণ জানতে চেয়ে মঙ্গলবার নবান্নর কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও।
শুক্রবারের ওই হামলার পর সোমবার রাতে কলকাতায় এসে পৌঁছেন ইডির অ্যাক্টিং ডিরেক্টর রাহুল নবীন। তাঁর সঙ্গে আরও কয়েকজন উচ্চ পদস্থ অফিসারও এসেছিলেন। মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, সেখানেই সিদ্ধান্ত হয় শাহজাহানের খোঁজে অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিরও সাহায্য নেওয়া হবে। তারপরই ইডির পাশাপাশি অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোও মাঠে নেমে পড়েছে।