
শেষ আপডেট: 9 September 2023 16:42
দ্য ওয়াল ব্যুরো: এখন তিনি আর সাম্বাদের ‘ওয়ান্ডার কিড’ নন। বরং বলা যেতে পারে ব্রাজিলের (Brazil) পোস্টার বয়। রোনাল্ডো, রোনাল্ডিনহো উত্তর ব্রাজিল ফুটবলের কিংবদন্তি। সেই নেমার (Neymar) বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের খেলায় বলিভিয়ার বিরুদ্ধে দুর্দান্ত খেললেন। জোড়া গোল করে দলকে জেতালেন। একইসঙ্গে জাতীয় দলের হয়ে গোল সংখ্যার বিচারে টপকে গেলেন পেলেকেও (Pele)।
ব্রাজিলের জার্সি গায়ে নিজের কেরিয়ারে ৭৭টি গোল করেছিলেন ফুটবল সম্রাট পেলে। কাতার বিশ্বকাপের সময়ই সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন নেমার। আর এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে তা টপকে গেলেন। বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজের প্রথম গোলটি করতেই ৭৮টি গোলের মালিক হয়ে যান নেমার। তার আগে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দেশের হয়ে ৭৭তম গোলটি করেছিলেন তিনি।
শুধু তাই নয়, বলিভিয়ার বিরুদ্ধে তিনি যে গোলটি করেছেন, সেটিও বিশ্বমানের বলা চলে। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে উঠে বিপক্ষের একের পর এক ফুটবলারকে কাটিয়ে গোল করেছেন তিনি।
পেলে ব্রাজিলের হয়ে ৯২টি ম্যাচ খেলে ৭৭ গোল করেছিলেন। নেমার সেই রেকর্ড ভাঙতে অনেক বেশিই ম্যাচ সময় নিলেন। আপাতত পেলে পিছিয়ে চলে গেলেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছেন রোনাল্ডো। তিনি ৯৮ ম্যাচে ৬২ গোল করেছেন। উল্লেখ্য, বলিভিয়াকে এই ম্যাচে ৫-১ গোলে হারিয়েছে ব্রাজিল। তাই এ কথা বলাই যেতে পারে, বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের শুরুটা দুর্দান্তভাবেই শুরু করল সাম্বা বাহিনী।
নয় মাস পরে ফিরে লিও দেখালেন ফ্রিকিক ম্যাজিক, সারা মাঠ বলল নায়ক এসেছে!