.webp)
শেষ আপডেট: 30 December 2023 17:33
দ্য ওয়াল ব্যুরো: মালিককে বারবার ফোন করেও পাননি কর্মচারী। তাই প্রতিবেশী একজনকে ফোন করে অনুরোধ করেছিলেন, একবার গিয়ে যেন ডেকে দেন তাঁকে। সেই অনুরোধ রক্ষা করতে পাশের বাড়িতে দরজা ঠেলে ঢুকতেই আতঙ্কে আত্মারাম খাঁচছাড়া হওয়ার জোগাড়! ঘরের মেঝেতে পড়ে রয়েছে এক মহিলার গলা কাটা মৃতদেহ, পাশেই গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছেন দোকান মালিক! রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে, সেখানেই নিজেও আহত, রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাচ্ছেন দম্পতির মেয়ে!
ঘটনাটি ঘটেছে নিউটাউনের নারায়ণপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, একটি ফ্ল্যাট থেকে দু'জনের দেহ উদ্ধার করা হয়েছে। সম্পর্কে দু'জন স্বামী-স্ত্রী। তাঁদের নাম যথাক্রমে সাগর মুখোপাধ্যায় ও রূপা মুখোপাধ্যায়। পুলিশ জানিয়েছে, মহিলার দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অনুমান। দম্পতির মেয়ে রূপসার শরীরেও গভীর ক্ষত রয়েছে, তবে তিনি প্রাণে বেঁচে গেছেন। রুপসা কে উদ্ধার করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সাগর মুখোপাধ্যায় পেশায় একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন। ঋণের দায়ে জর্জরিত ছিলেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, ঋণের বোঝা মাথায় থাকার কারণেই ওই ব্যক্তি নিজের স্ত্রীকে খুন করেন। এমনকী মেয়েকেও খুন করার চেষ্টা করেন তিনি। তারপর নিজে আত্মঘাতী হন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার গৌরব শর্মা। তিনি জানান, দেহ দু'টি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দম্পতির মেয়ে রূপসা সুস্থ হয়ে উঠলে তাঁর বয়ান রেকর্ড করা হবে। একটি সুইসাইড নোটও মিলেছে। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে মৃতদের আত্মীয় বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।