দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের বন দফতরের ক্যামেরায় ধরা পড়লো বাঘের ফটো। একেবারে কেদারনাথের বন্যপ্রাণ সংরক্ষণ এলাকায়। সমুদ্রতট থেকে ১১ হাজার ১৫৪ ফুট (৩৪০০ মিটার) উচ্চতায়। বুধবার উত্তরাখণ্ডের বনকর্মীরা জানিয়েছেন এ কথা। গত ২৬ মে গভীর রাতে বাঘটির ছবি ক্যামেরায় ধরা পড়ে। রাত তখন ঠিক দুটো ৩৮ মিনিট। তিনি তখন হেলেদুলে ঘুরছেন উপত্যকার অরণ্যে। বিশেষজ্ঞদের মতে, অত উচ্চতায় বাঘের দেখা পাওয়া খুব স্বাভাবিক ঘটনা নয়। এর থেকে প্রমাণিত হয় যে বাঘেরা নিজেদের বাসস্থান প্রয়োজনমতো পরিবর্তন করছে।
কেদারনাথের ডিভিশনাল ফরেস্ট অফিসার অমিত কানওয়ার বলেন, “আমরা ৩৫০০ মিটার উচ্চতায় বনের ভিতরে ক্যামেরা লাগিয়েছিলাম, বন্যপ্রাণীদের গতিবিধি দেখতে। সেই ক্যামেরাতেই ধরা পড়ে বাঘের ছবি। সাধারণত বাঘের দেখা মেলে আরও নীচের দিকে। এর থেকে বোঝা যাচ্ছে বাঘেরা নিজেদের বাসস্থান পরিবর্তন করছে।”
এর আগে ২০১৬ সালে উত্তরাখণ্ডের আসকটে ১০ হাজার ৭৪১ ফুট উচ্চতায় বাঘের দেখা মিলেছিল। অরুণাচল প্রদেশ ও সিকিমেও পাহাড়ে মাঝেমধ্যে মিলেছে বাঘের দেখা। ২০১৫ সালের অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন-এর হিসেব অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা সেই সময় ছিল ২,২২৬। তবে ৩৪০০ মিটারে বাঘের দেখা পাওয়ার ঘটনা বিরল, সম্ভবত প্রথম।
দেহরাদুনের ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ডিরেক্টর ভি বি মাথুর জানান, ভারতে সাধারণত বাঘেদের দেখা মেলে সর্বোচ্চ ৪০০০ থেকে ৬০০০ ফুট উচ্চতায়। তবে ২০১৪ সালে যে গণনা করা হয়েছিল, তাতে দেখা গেছিল উত্তরাখণ্ড ও অরুণাচল প্রদেশে আরও উঁচু জায়গাতে বাঘেদের আনাগোনা ও বসবাস বেড়েছে।