দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণে প্রয়াত কলকাতা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের (সিএমআরআই) জেনারেল মেডিসিন বিভাগের প্রতিষ্ঠিত ডাক্তার তরুণকুমার বন্দ্যোপাধ্যায়।
করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আজ, শুক্রবার সকাল ১০টা ২০ মিনিট নাগাদ আমরি হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৮ বছর।
হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ভাইরাস সংক্রমণের নানা উপসর্গ দেখা যাচ্ছিল তাঁর শরীরে। শ্বাসের সমস্যা শুরু হয়েছিল। দুর্বলও হয়ে পড়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আমরি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ভর্তির সময় শরীরের তাপমাত্রা বেশি ছিল ডাক্তারবাবুর। প্রবল জ্বর ছিল, শ্বাসকষ্টও হচ্ছিল তাঁর।
হাসপাতালে ভর্তি করার পরেই তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে সুস্থ করে তোলার সবরকম চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু সংক্রমণ এতটাই ছড়িয়ে পড়েছিল যে শেষরক্ষা করা যায়নি। বাঁচানো যায়নি বর্ষীয়ান ডাক্তারকে।
সূত্রের খবর, একমাস আগে ডাক্তারবাবুর শরীরে স্টেন্ট বসানো হয়েছিল। তবে এরপরে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীলই ছিল। করোনা আক্রান্ত হওয়ার পরেই তিনি শ্বাসের সমস্যায় ভুগতে শুরু করেন।
চলতি মাসেই করোনা সংক্রমণে প্রয়াত হয়েছেন কলকাতার আরও এক স্বনামধন্য ডাক্তার অভিজিৎ বসু। তিনি ছিলেন আর জি কর হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক এবং রাজ্যের প্রথম সারির ক্যানসার চিকিৎসক। এ রাজ্যের আধুনিক ক্যানসার চিকিৎসার অন্যতম পথিকৃৎ বলা হয় তাঁকে।