অবসরের উপহার! দায়িত্ব ছেড়ে ১৭০ কোটি ডলার পেলেন ল্যারি পেজ ও সার্গেই ব্রিন
দ্য ওয়াল ব্যুরো: প্রায় ২১ বছরের পথ চলা শেষ। গুগলে ল্যারি পেজ-সার্গেই ব্রিন যুগের অবসান হল। গুগলের মূল সংস্থা ‘অ্যালফাবেট’-এর এগজিকিউটিভি পদ থেকে সরে দাঁড়ালেন সংস্থার দুই প্রতিষ্ঠাতা সদস্য পেজ ও ব্রিন। গুগলের সর্বময় কর্তা এখন ভারতীয় প্রযুক্
শেষ আপডেট: 4 December 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: প্রায় ২১ বছরের পথ চলা শেষ। গুগলে ল্যারি পেজ-সার্গেই ব্রিন যুগের অবসান হল। গুগলের মূল সংস্থা ‘অ্যালফাবেট’-এর এগজিকিউটিভি পদ থেকে সরে দাঁড়ালেন সংস্থার দুই প্রতিষ্ঠাতা সদস্য পেজ ও ব্রিন। গুগলের সর্বময় কর্তা এখন ভারতীয় প্রযুক্তিবিদ সুন্দর পিচাই। অ্যালফাবেটেরও সর্বোচ্চ পদে এখন তিনিই। হাসিমুখেই অবসর নিয়েছেন পেজ ও ব্রিন। অবসরকালীন উপহার হিসেবে বিনিয়োগকারীরা তাঁদের হাতে তুলে দিয়েছেন ১৭০ কোটি ডলার।
গুগলের সিইও পদের দায়িত্ব সুন্দর পিচাই নেওয়ার পরেও ল্যারি পেজ ও সার্গেই ব্রিন দু’জনেরই অংশীদারিত্ব ছিল ৬ শতাংশ করে। পাশাপাশি অ্যালফাবেটের পরিচালনার রাশও ছিল তাঁদেরই হাতে। এ যাবৎ ল্যারি পেজ ছিলেন ‘অ্যালফাবেট’-এর সিইও, সের্গেই ব্রিন প্রেসিডেন্ট। গতকাল, বুধবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ইস্তফা দিয়েছেন পেজ। ব্রিনও আর সভাপতি পদে নেই। তাঁদের জায়গায় দায়িত্ব নিচ্ছেন সুন্দর পিচাই। অর্থাৎ নতুন এই দায়িত্ব পাওয়ার পর সংস্থার সর্বময় কর্তা হয়ে উঠলেন পিচাই।
গুগল নতুন করে সেজেছিল সেই ২০১৫ সালেই। জন্ম হয়েছিল অ্যালফাবেটের। ভারতীয় প্রযুক্তিবিদ সুন্দর পিচাই হয়েছিলেন গুগলের সিইও। অ্যালফাবেটের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ল্যারি, প্রেসিডেন্ট হয়েছিলেন সার্গেই ব্রিন। গুগল ঘোষণা করেছিল তার সব সংস্থাই চলে আসবে অ্যালফাবেটের ছাতার তলায়। স্টক এক্সচেঞ্জেও গুগলের নাম বদলে যাবে। গুগল প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিনের অধীনে থাকা অ্যালফাবেটেরই প্রধান শাখা হবে গুগল। যার আওতায় থাকবে অ্যান্ড্রয়েড, সার্চ, অ্যাড (বিজ্ঞাপন), ইউটিউব, ম্যাপের মতো ব্যবসা।
সময় যত এগিয়েছে ততই জনপ্রিয় হয়ে উঠেছেন পেজ-ব্রিন জুটি। নতুন নতুন মাইলফলক পার করেছে গুগল। একটা সময় পেজ-ব্রিনকে তুলনা করা হত মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের সঙ্গে। গুগলের প্রধান থাকার সময় আগেও একবার দায়িত্ব ছেড়েছিলেন ল্যারি পেজ, সেটা ২০০১ সালে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল এরিক স্কমিডিটকে। ১০ বছর পরে আবার ফিরে আসেন ল্যারি।
অ্যালফাবেটের অধীনে আছে গুগল এক্স, নেস্ট, গুগল ফাইবার, ক্যালিকো, লাইফ সায়েন্স এবং গুগল ফাইবার। স্বয়ংক্রিয় গাড়ি, ডেলিভারি ড্রোন, ইন্টারনেট বেলুন-এর মতো ব্যবসাগুলি দেখে গুগল এক্স। স্মার্ট থার্মোস্ট্যাট-এর ব্যবসা দেখে নেস্ট। গুগল ফাইবার-এর অধীনে আছে ব্রডব্যান্ড পরিষেবার ব্যবসা। এখন থেকে এইসব কিছুরই দায়িত্ব সামলাবেন সুন্দর পিচাই।