দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবে একটু একটু করে পরিবর্তনের হাওয়া ঢুকছে। ২০১৮ থেকেই মহিলারা গাড়ি চালানোর অধিকার অর্জন করেছেন। বছর দুই আগে সৌদির সরকারি টেলিভিশন চ্যানেলে প্রথম দেখা গেছিল এক মহিলা উপস্থাপককে। এ বার সন্ধের সংবাদ বুলেটিনেও দেখা যাবে অন্য এক মহিলা উপস্থাপক তথা সাংবাদিককে। তাঁর নাম উইম আল দাখিল। সকালে প্রথম যিনি সংবাদ উপস্থাপনা করতেন তাঁর নাম জুমানা আলশামি।
সৌদির সরকারি টিভি চ্যানেল ওয়ানে সন্ধ্যের খবরে উইমের সঙ্গে থাকবেন এক পুরুষ উপস্থাপকও। তাঁর নাম ওমর আল নাশওয়ান।
সম্প্রতি ভিশন ২০৩০ নামে একটি সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে সৌদি সরকার। সেখানে বলা হয়েছে, শুধুমাত্র পেট্রোলিয়াম-নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার প্রয়াস করবে অতি রক্ষণশীল মুসলিম দেশটি। লিঙ্গবৈষম্য ও কঠোর আইনেও আনা হবে কিছুটা হাঁফ ছাড়ার জায়গা। গত বছর ক্ষমতায় এসেই এই সব সংস্কারের কথা ঘোষণা করেন যুবরাজ মহম্মদ বিন সালমান। বিশেষ করে মহিলাদের স্বাধীনতা ও লিঙ্গ বৈষম্য কিছুটা হলেও ঘোচাতে চেষ্টা করেন। এই মাসেই রিয়াধের বিমান সংস্থা ফ্লাইন্যাস ঘোষণা করেছে, তারা মহিলা কো পাইলট ও ফ্লাইট অ্যাটেনডেন্ট নেবে।