দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের প্রভাব পড়েছে গোটা বিশ্বে। পাকিস্তানও তার ব্যতিক্রম নয়। সেখানেও দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় করোনাভাইরাসকে দূরে রাখার নিদান দিলেন এক ইমাম। বললেন, বেশি ঘুমোন। তাহলে করোনাও ঘুমিয়ে থাকবে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের এক ইমাম করোনাভাইরাস নিয়ে নিজের বক্তব্য শোনাচ্ছেন। সেখানে তিনি বলছেন, "ডাক্তাররা আমাদের বলছেন বেশি ঘুমোতে। কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি তখন করোনাভাইরাসও ঘুমিয়ে থাকে। ফলে তখন তার প্রভাব অনেক কমে যায়। আমাদের ক্ষতি করতে পারে না। তাই স্বাভাবিক ভাবেই আমরা মরে গেলে করোনাভাইরাসও মরে যায়।"
https://twitter.com/nailainayat/status/1271909481480425474?s=19
ইমামের এই বক্তব্য সামনে আসার পরেই শুরু হয়েছে সমালোচনা। সেইসঙ্গে মস্করাও শুরু হয়েছে। সবাই বলছেন, একজন ইমাম হয়ে এরকম ভুল তথ্য তিনি দিচ্ছেন কী ভাবে। কেউ আবার বলছেন, বিশ্বের কোনও ডাক্তার, বিজ্ঞানী যা বলতে পারেননি, সেটাই বললেন ওই ইমাম। সত্যিই সবার এখন থেকেই ঘুমিয়ে পড়া উচিত। কেউ তো আবার ওই ইমামকে নোবেল দেওয়ারও দাবি জানিয়েছেন।
শনিবার পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৩৫,৭০২। এর মধ্যে ৫১,৫১৮ জন আক্রান্ত হয়েছেন সিন্ধ প্রদেশে। ৫০,০৮৭ আক্রান্তের খবর পাওয়া গিয়েছে পঞ্জাব প্রদেশে। এছাড়া খাইবার পাখতুনখোয়াতে ১৭,৪৫০ জন, বালুচিস্তানে ৭৮৬৬ জন, ইসলামাবাদে ৭১৬৩ জন, গিলগিট বালটিস্তানে ১০৪৪ জন ও পাক অধিকৃত কাশ্মীরে ৫৭৪ জন আক্রান্ত হয়েছেন।
পাকিস্তানে এই মুহূর্তে কোভিড হাসপাতালের সংখ্যা ৮২০ টি। তাতে ভর্তি রয়েছেন প্রায় ৯০০০ আক্রান্ত। বাকিরা বাড়িতে বা অন্যান্য আইসোলেশন সেন্টারে রয়েছেন। ইতিমধ্যেই পাকিস্তানের অনেক রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তি ও করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে অন্যতম হলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি।