ওবামা ও ক্লিন্টনের বাড়িতে প্যাকেটে ভরা বিস্ফোরক, তোলপাড় মার্কিন মুলুক
দ্য ওয়াল ব্যুরো: বিস্ফোরক উদ্ধার হয়েছে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার বাসভবন থেকে। শুধু ওবামা নয়, প্রাক্তন বিদেশ সচিব তথা প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টনের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে বিস্ফোরক ভর্তি প্যাকেট।
শেষ আপডেট: 24 October 2018 16:01
দ্য ওয়াল ব্যুরো: বিস্ফোরক উদ্ধার হয়েছে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার বাসভবন থেকে। শুধু ওবামা নয়, প্রাক্তন বিদেশ সচিব তথা প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টনের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে বিস্ফোরক ভর্তি প্যাকেট। একই বিস্ফোরক পাঠানো হয়েছে সিএনএন-এর সদর দফতরেও। তবে কারও জখম হওয়ার খবর নেই। সিক্রেট সার্ভিসের তরফে এ কথা জানানো হয়েছে বলে তাদের প্রতিবেদনে লিখেছে ‘নিউ ইয়র্ক টাইমস।’ এই ঘটনায় হইচই পড়ে গেছে আমেরিকায়।
এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রহস্যজনক প্যাকেটগুলির উচ্চ পর্যায়ের তদন্ত হবে। সেই সঙ্গে হুঁশিয়ারির সুরে ট্রাম্প ঘোষণা করেন কোনও ধরনের রাজনৈতিক হিংসার মার্কিন যুক্তরাষ্ট্রে জায়গা নেই। হোয়াইট হাউসের তরফেও এই ঘটনার নিন্দা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ প্রেস সচিব জানিয়েছেন, “কোনওভাবেই এই সন্ত্রাসবাদী কাজ মার্কিন মুলুকে বরদাস্ত করা হবে না। দ্রুত অপরাধীকে খুঁজে বের করবে প্রশাসন।” সংবাদমাধ্যম সিএনএন এবং যে কজনের কাছে এই বিস্ফোরক গেছে, তাঁরা সকলেই অতি দক্ষিণপন্থী রিপাবলিকানদের আক্রমণের লক্ষ্য। স্বয়ং ট্রাম্প একাধিকবার এদের মানুষের শত্রু বলে বর্ণনা করেছেন। ট্রাম্প দু চোখে দেখতে পারেন না একাধিক সংবাদমাধ্যমকে। তার মধ্যে অন্যতম হলো সিএনএন।
ভারতীয় সময় মঙ্গলবার রাতে ক্লিন্টন দম্পতির বাড়ি থেকে বিস্ফোরক ভর্তি প্যাকেট উদ্ধার হয় বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। বুধবার ভোরের দিকে ওবামার ঠিকানা থেকে একই ধরনের একটি সাদা রঙের প্লাস্টিক উদ্ধার হয়। সিক্রেট সার্ভিসের কর্মীরা ‘নিউ ইয়র্ক টাইমস’ কে জানিয়েছে এর শুরু সোমবার থেকে। ওইদিন ধনকুবের জর্জ সোরসের উত্তর নিউ ইয়র্কের বাগান বাড়ি থেকেও উদ্ধার হয়েছিল একটি বিস্ফোরক ভর্তি প্যাকেট। সিএনএন-এর অফিসেও এসেছে একই বিস্ফোরক ভর্তি প্যাকেট। সিএনএন অফিস খালি করে দেওয়া হয়েছে। সাংবাদিকেরা বাইরে থেকে কাজ করছেন।
প্রাথমিক ভাবে মার্কিন গোয়েন্দাদের মতে, একই ব্যক্তি এই বিস্ফোরক রেখে এসেছে। ক্লিন্টন দম্পতির বাড়িতে লেটার বক্স থেকে উদ্ধার হয় এই প্যাকেট। ফলে প্রশ্ন উঠছেই, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতিদের নিরাপত্তা নিয়ে। কী করে নিরাপত্তাবলয় এড়িয়ে বিস্ফোরক রেখে গেল কেউ।
কিন্তু প্রাক্তন দুই রাষ্ট্রপতি এবং ধনকুবেরের বাড়িতে বোমা উদ্ধার নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে মার্কিন মুলুকে।