এক অন্য সান্টা, ব্যাঙ্ক ডাকাতি করে টাকা ছড়িয়ে দিলেন পথচারীদের মধ্যে
দ্য ওয়াল ব্যুরো: এ যেন এক অন্য সান্টাক্লজ। ব্যাঙ্ক লুঠ করে সেই লুঠের টাকা পথচারীদের মধ্যে ছড়িয়ে দিলেন এক বৃদ্ধ। ঘটনার পরে অবশ্য গ্রেফতার করা হয়েছে ওই বৃদ্ধকে।
ঘটনাটি ঘটেছে আমেরিকার কলোরাডোতে। ইউএস পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেবেলা কলোরা
শেষ আপডেট: 25 December 2019 12:28
দ্য ওয়াল ব্যুরো: এ যেন এক অন্য সান্টাক্লজ। ব্যাঙ্ক লুঠ করে সেই লুঠের টাকা পথচারীদের মধ্যে ছড়িয়ে দিলেন এক বৃদ্ধ। ঘটনার পরে অবশ্য গ্রেফতার করা হয়েছে ওই বৃদ্ধকে।
ঘটনাটি ঘটেছে আমেরিকার কলোরাডোতে। ইউএস পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেবেলা কলোরাডোর অ্যাকাডেমি ব্যাঙ্কে ডাকাতি করতে আসেন এক বৃদ্ধ। নিরাপত্তারক্ষী ও কর্মচারীদের বন্দুক দেখিয়ে ভয় দেখান তিনি। তারপর হাতিয়ে নেন ক্যাশবাক্সে থাকা টাকা। ডাকাতি করে সেখান থেকে বেরিয়ে যান বৃদ্ধ।
তার কিছুক্ষণ পরেই রাস্তার ধারে দাঁড়িয়ে নাকি ব্যাগ থেকে মুঠো মুঠো টাকা বের করে চারদিকে ছড়িয়ে দিয়ে শুরু করেন ওই বৃদ্ধ। সেইসঙ্গে চিৎকার করে বলতে থাকেন, ‘মেরি ক্রিসমাস’। এই ঘটনায় প্রথমে অবাক হয়ে যান অনেকেই। কেউ কেউ আবার এই ঘটনার ভিডিও করে রাখেন।

খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ ও পথচারীদের তোলা ভিডিও দেখে বোঝেন দু’জনে একই ব্যক্তি। কিছুক্ষণ পরেই স্থানীয় একটা ক্যাফে থেকে গ্রেফতার করা হয় বৃদ্ধকে। সেই সময় নাকি বৃদ্ধের ব্যাগে আর কোনও টাকা অবশিষ্ট ছিল না। এমনকি যে বন্দুক দেখিয়ে তিনি টাকা লুঠ করেছিলেন সেই বন্দুকও তাঁর কাছে পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বৃদ্ধের নাম ডেভিড ওয়েন অলিভার। তাঁর বয়স ৬৫ বছর। ডেভিডের কোনও অতীত অপরাধের ইতিহাস নেই। এই প্রথম গ্রেফতার হলেন তিনি। কিন্তু কেন এই কাজ ডেভিড করলেন তা এখনও জানতে পারেনি পুলিশ। তিনি মানসিকভাবে অসুস্থ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যে রাস্তায় ডেভিডের ছড়িয়ে দেওয়া টাকা কিছু পথচারী কুড়িয়ে তা আবার ব্যাঙ্কে গিয়ে দিয়ে আসেন। কিন্তু ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে এখনও অনেকটা পরিমাণে ক্যাশ গায়েব। অর্থাৎ অনেকেই টাকা কুড়িয়ে পকেটে ভরেছেন। সেই টাকার হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।