দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার পরে এবার ব্রিটেন। করোনাভাইরাসের নতুন প্রজাতির হদিশ পাওয়া গেল। এই নতুন প্রজাতির ভাইরাস আরও দ্রুত ছড়াচ্ছে বলেই জানা গিয়েছে। তার ফলে ফের একবার ব্রিটেনের বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। এই নতুন প্রজাতির বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-কে জানিয়েছে তারা।
ব্রিটেনের হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক জানিয়েছেন, ইংল্যান্ডের দক্ষিণে এই নতুন প্রজাতির ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এই নতুন প্রজাতি থেকে ফের সংক্রমণ ছড়াচ্ছে এবং তার গতি আগের থেকেও বেশি। ব্রিটেনে এই মাসে আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এই প্রসঙ্গে একটি সাংবাদিক বৈঠক করার কথা ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের।
সূত্রের খবর, বড়দিনের সময়ে লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে যাওয়ার ক্ষেত্রে নতুন নিষেধাজ্ঞা লাগু করতে পারেন প্রধানমন্ত্রী। সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “এই নতুন প্রজাতির মাধ্যমে সংক্রমণ খুব দ্রুত ছড়াচ্ছে। প্রাথমিক তথ্য ও দক্ষিণ-পূর্বে দ্রুত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শে সরকার জানাচ্ছে এই নতুন প্রজাতি আরও বেশি ক্ষতিকারক।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই বিষয়ে জানিয়েছি। যদিও আমাদের কাছে এখনও এমন কোনও তথ্য নেই যাতে আমরা বলতে পারি এই নতুন প্রজাতির সংক্রমণে মৃত্যুর হারও বেশি হচ্ছে। এর ফলে চিকিৎসা পরিষেবার উপর প্রভাব পড়েছে। আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।”
শুক্রবার নতুন করে ২৮ হাজার ৫০৭ জন আক্রান্ত হয়েছেন ব্রিটেনে। গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা তার আগের সপ্তাহে তুলনায় ৪০.৯ শতাংশ বেড়েছে। এখনও পর্যন্ত ব্রিটেনে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৮০ হাজারের বেশি।
বড়দিনের পরে ফের নতুন করে লকডাউনের পরিকল্পনা নিয়েছে ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড। ইংল্যান্ডেও নতুন করে লকডাউনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বরিস জনসন। তিনি বলেছেন, “আমরা আশা করছি সেই ধরনের কিছু আমাদের করতে হবে না। কিন্তু বাস্তব হল গত কিছু সপ্তাহে সংক্রমণের হার অনেকটাই বেড়েছে। তাই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আমাদের।”