
শেষ আপডেট: 8 March 2020 08:34
দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্কে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো-সহ পৃথিবীর একাধিক দেশে ব্যবসায় প্রভাব পড়ছে উবেরের। গাড়ি নিয়ে বেরোতে চাইছেন না চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার চালকদের জন্য বিশেষ ঘোষণা করল উবের কর্তৃপক্ষ।
উবেরের তরফে বলা হয়েছে, যদি কোনও চালকের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায় তাহলে কোয়ারেনটাইনে ১৪ দিনের চিকিৎসার খরচ দেবে কর্তৃপক্ষ। এমনকি চালকদের থেকে কোনও যাত্রীর শরীরে মারণ ভাইরাস সংক্রমিত হলে তাঁর খরচও বহন করবে উবার। সংস্থার তরফে বলা হয়েছে, ওয়াশিংটন ও মেক্সিকোতে ইতিমধ্যেই দুই চালককে কোয়ারেন্টাইনে পাঠানোর যাবতীয় খরচ দেওয়া হয়েছে। যদিও তাঁদের শরীরে করোনা পজিটিভ নয় বলেই দাবি উবেরের।
করোনাভাইরাসের আক্রমণে চিনের অবস্থা ভয়াবহ। তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে। চিনের বাইরেও ছড়াতে শুরু করেছে অসুখ। ইরানে মারা গেছেন দেড়শো জনেরও বেশি, ইতালিতে মৃত্যু ১৫০ পেরিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'-এর রিপোর্ট অনুযায়ী ৮০টি দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
'হু' প্রকাশিত ঝুঁকির দেশগুলির তালিকায় আগেই ছিল ভারত। সে ঝুঁকির আশঙ্কা সত্যি করে ভারতে ইতিমধ্যেই ৩৯ জনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। তাঁদের মধ্য ১৬ ইতালীয় পর্যটক। কেরল থেকে শুরু হয়েছিল এই রোগের আক্রমণ। তার পরে তেলেঙ্গানায় ধরা পড়েন করোনাভাইরাস আক্রান্ত এক রোগী। এখন সে অসুখ এসে পৌঁছেছে দিল্লিতে। সকলকেই আইসোলেশন ওয়ার্ডে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। সিকিম-ভূটান সীমান্তে পর্যটনেও বিরাট প্রভাব পড়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য কেন্দ্রে-রাজ্য সব স্তরেই শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতা। রবিবার খবর মিলেছে কেরলের এক পরিবারের পাঁচজনের শরীরে মিলেছে করোনা।
মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থাও সঙ্কটজনক। জরুরি অবস্থা জারি হয়েছে সমস্ত প্রদেশে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের। ওয়াশিংটনের অবস্থা এর মধ্যে সবচেয়ে সাংঘাতিক। এই পরিস্থিতিতে উবেরের এই ঘোষণা কতটা কাজে আসে এখন সেটাই দেখার।