দ্য ওয়াল ব্যুরোঃ সামনেই আমেরিকায় নির্বাচন। তার আগে জোরকদমে প্রচার চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সমর্থন আদায়ে এর আগেও প্রচারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ তুলে এনেছিলেন ট্রাম্প। ফের একবার সেই কাজ করতে দেখা গেল তাঁকে। এবার তিনি বললেন, আমেরিকায় করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য মোদী তাঁর প্রশংসা করেছেন।
রবিবার নেভাডার রেনোতে একটি নির্বাচনী জনসভায় ট্রাম্প বলেন, “এখনও পর্যন্ত আমরা ভারতের থেকে অনেক বেশি নমুনা পরীক্ষা করেছি। এমনকি অনেক বড় দেশ মিলিয়েও এত পরীক্ষা করতে পারেনি। আমাদের পরেই রয়েছে ভারত। আমরা ভারতের থেকে ৪৪ মিলিয়ন (৪ কোটি ৪০ লাখ) টেস্ট বেশি করেছি। ওদের ১৫০ কোটি লোক রয়েছে। প্রধানমন্ত্রী মোদী ফোন করে আমাকে বলেছেন, নমুনা পরীক্ষার ক্ষেত্রে কী কাজটাই না আপনি করেছেন।”
এই মুহূর্তে আমেরিকার পশ্চিম উপকূলে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় নিজের ভোট ব্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করছেন ট্রাম্প। তাই অনেক বেশি সময় নেভাডায় দিচ্ছেন তিনি। ট্রাম্প নাকি প্রধানমন্ত্রী মোদীকে এও বলেছেন, তাঁর এই প্রশংসার বিষয়টি সাংবাদিকদের বুঝিয়ে বলতে হবে ট্রাম্পকে। তিনি বলেন, “আমি বলেছি, আপনার এই প্রশংসা ওই অসৎ সাংবাদিকদের বুঝিয়ে বলতে হবে। বিডেনের রেকর্ড বুঝিয়ে দেয়, চিন থেকে এই ভাইরাস আসার সময় যদি তিনি ক্ষমতায় থাকতেন, তাহলে কয়েক লাখ বেশি আমেরিকাবাসীর মৃত্যু হত। অর্থনৈতিক মন্দার পরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে সবথেকে খারাপ ও দুর্বল অর্থনীতি এনেছিলেন তিনিই।”
ট্রাম্প আরও বলেন, “নেভাডায় বিডেনের ব্যর্থতার থেকে খারাপ ফল কোনও প্রদেশে হয়নি। এই মানুষটাকে তাই আপনারা নিশ্চয় চাইবেন না। চিনের বিরুদ্ধে আমি যেভাবে রুখে দাঁড়িয়েছি, তা কেউ দাঁড়ায়নি। আপনারা সবাই তার সাক্ষী। আপনারা নিশ্চয় এই দৃশ্য আগে দেখেননি।”
বিডেনের বিরুদ্ধে প্রচারে ট্রাম্প আরও দাবি করেছেন, তিনি চার বছর ধরে আমেরিকায় কর্মসংস্থান আনা, সীমান্ত সুরক্ষিত রাখা, সেনাবাহিনীকে আরও মজবুত করার কাজ করে গিয়েছেন। কিন্তু বিডেন যদি জেতেন, তাহলে কট্টরপন্থীদের হাতে ক্ষমতা চলে যাবে বলে অভিযোগ করেছেন ট্রাম্প।
ট্রাম্প আরও একবার বলেন, “বিডেন চাইছেন আমাদের দেশকে হিংস্র কট্টরপন্থীদের হাতে তুলে দিতে। বিডেন জিতলে চিন জিতবে, কট্টরপন্থীরা জিতবে। বিডেন জিতলে দাঙ্গাবাজরা জিতবে, পতাকা পুড়িয়ে দেওয়া, হিংসায় উস্কানি দেওয়া মানুষগুলো জিতবে। সেটা নিশ্চয় আপনারা চান না।” বিডেনকে আমেরিকার ইতিহাসের সবথেকে খারাপ প্রেসিডেন্ট পদপ্রার্থী বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।