দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছর পর প্রকাশ্যে এলেন তিনি। সোমবার ইন্টারনেটে প্রকাশ হওয়া একটা ভিডিয়োতে মুখ খুললেন আইসিস প্রধান আবু বক্র আল-বাগদাদি। এই ভিডিয়োতে সিরিয়ার যুদ্ধ ও শ্রীলঙ্কার হামলা নিয়ে মুখে খুলতে দেখে গেল এই জঙ্গি নেতাকে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটা ফাঁকা ঘরে একটা ফুল আঁকা গদির উপর বসে নিজের বক্তব্য রাখেন বাগদাদি। প্রথমেই তিনি তুলে আনেন সিরিয়ার বাগহাউজের যুদ্ধের কথা। এই যুদ্ধে সিরিয়ান সেনাবাহিনীর কাছে হারতে হয়েছে আইসিসকে। অনেক এলাকায় পুনরুদ্ধার করেছে সিরিয়ান সেনা। বাগদাদির হুমকি, লড়াই এখনও শেষ হয়নি। আইসিস-এর যেসব ঘাঁটি দখল করেছে সেনা, সেই ঘাঁটিগুলো ফের দখল করবে আইসিস। এই প্রসঙ্গে বাগদাদিকে বলতে শোনা গিয়েছে, ‘ঈশ্বর আমাদের লড়াইয়ের নির্দেশ দিয়েছিলেন, জেতার নয়।’
এরপরেই শ্রীলঙ্কার কলম্বোতে হওয়া ধারাবাহিক বিস্ফোরণের প্রসঙ্গ তুলে আনেন আইসিস প্রধান। এই হামলার জন্য জেহাদি জঙ্গিদের ধন্যবাদ জানান তিনি। বলেন, ‘আমাদের ভাইদের মৃত্যুর বদলা নিতেই হামলা করা হয়েছে।’ এমনকী তাঁর হুমকি, ধীরে ধীরে গোটা পৃথিবীতে ইসলামি শাসন প্রতিষ্ঠা হবে। আইসিস প্রধানের আরও হুমকি, পশ্চিমী দুনিয়ায় যে সমস্ত আঘাত হেনেছে এই জঙ্গি সংগঠন, তা সবই ‘বৃহত্তর যুদ্ধের' অংশ। ভিডিয়োতে বাগদাদির সঙ্গে আরও তিনজনকে দেখা যাচ্ছে। কিন্তু তাদের প্রত্যেকের চেহারাই অস্পষ্ট করে দেওয়া হয়েছে।
এর আগে ২০১৪ সালের জুলাই মাসে শেষবার দেখা গিয়েছিল বাগদাদিকে। উত্তর ইরাকের আল-নুরি মসজিদে বসে ভিডিয়ো বক্তৃতায় বাগদাদি বলেছিলেন, ধীরে ধীরে বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বাড়াচ্ছে আইসিস। কিন্তু গত পাঁচ বছরে এই বাগদাদিকে প্রকাশ্যে দেখা যায়নি। গুজব রটেছিল, বিমান হামলায় নিহত হয়েছেন আইসিস প্রধান। আবার এও শোনা যায়, নিহত হননি, কিন্তু গুরুতর অসুস্থ তিনি। গত অগস্ট মাসে তার কণ্ঠস্বর প্রকাশ্যে আসে। কিন্তু এই ভিডিয়োতে দেখা গেল, কেবলমাত্র দাড়ির রংটা একটু বাদামি হয়েছে। বাকি চেহারা একই রয়েছে।
অবশ্য বাগদাদিকে ভিডিয়োতে খুব আস্তে আস্তে কথা বলতে দেখা যাচ্ছে। তাছাড়া কিছুটা কথা বলেই বিরতি নিচ্ছেন বাগদাদি। এই ব্যক্তি যে বাগদাদি তা নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থা এসআইটিই। এই সংস্থাই আইসিস-এর গতিবিধির উপর নজর রাখে। তবে এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই সতর্কবার্তা দিয়েছে এসআইটিই। তাদের বক্তব্য, বাগদাদি প্রকাশ্যে আসা মানে এ বার আরও জোরকদমে নাশকতার চেষ্টা চালাবে জঙ্গিরা। তাই আইসিস-এর নিশানায় থাকা দেশগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-state-cbi-appeals-to-supreme-court-to-take-rajeev-kumar-into-their-custody-hearing-will-be-on-wednesday/