চিনে নতুন করোনা সংক্রমণ, বেজিং থেকে বাতিল ১২০০-র বেশি বিমান, বন্ধ করা হল স্কুল
দ্য ওয়াল ব্যুরো: গত পাঁচদিন ধরেই চিনের রাজধানী শহর বেজিংয়ে নতুন করে করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছিল। মঙ্গলবার পর্যন্ত সেই সংখ্যাটা ১০০ পার করে গিয়েছে। তারপরই বড় পদক্ষেপ করল চিন সরকার। বেজিং বিমানবন্দরকে কার্যত সিল করে দেওয়া হয়েছে। বাতিল কর
শেষ আপডেট: 17 June 2020 06:37
দ্য ওয়াল ব্যুরো: গত পাঁচদিন ধরেই চিনের রাজধানী শহর বেজিংয়ে নতুন করে করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছিল। মঙ্গলবার পর্যন্ত সেই সংখ্যাটা ১০০ পার করে গিয়েছে। তারপরই বড় পদক্ষেপ করল চিন সরকার। বেজিং বিমানবন্দরকে কার্যত সিল করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে ১২০০ অভ্যন্তরীণ বিমান। সেইসঙ্গে আজ বুধবার থেকে বেজিংয়ের সমস্ত স্কুল কলেজ ফের অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বেজিং মিউনিসিপ্যাল প্রশাসন।
গত ২৪ ঘণ্টায় বেজিংয়ে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩১ জন। সংক্রামিতের সংখ্যা শূন্যে নেমে আসার পরও নতুন কোভিড ক্লাস্টার নিয়ে গভীর উদ্বেগে চিনা প্রশাসন।
মঙ্গলবার রাতে জানা গিয়েছিল ২১টি রেসিডেন্সিয়াল এস্টেটে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার জানা যাচ্ছে তা বাড়িয়ে ৩১টি এস্টেটে করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে শিনফাদি-সহ বেশ কয়েকটি পাইকারি বাজারও।

চিনা কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলির রিপোর্ট অনুযায়ী ১২৫৫টি বিমান বাতিল করা হয়েছে বেজিং বিমানবন্দর থেকে। বেজিংয়ের সংক্রামিত এলাকাগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা ও সাংঘাতিক ঝুঁকিপূর্ণ এলাকা। সংক্রমণ শূন্যে পৌঁছে যাওয়ার পর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছিল চিনা প্রশাসন। কিন্তু নতুন কোভিড ক্লাস্টারের কারণে ফের শিক্ষাঙ্গনে লকডাউন ঘোষণা করা হয়েছে। শুধু বেজিং নয়। রাজধানী শহর ছাড়াও কোভিড সংক্রামিতর হদিশ মিলেছে হেবেই ও সিনচুয়ান প্রদেশ থেকেও। ফলে কোনও একটি নির্দিষ্ট এলাকায় যে সংক্রমণ আটকে রয়েছে তা নয়। আক্রান্তদের সংস্পর্শে আসা উপসর্গহীন অনেককে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন করে সংক্রমণ ফিরে আসার ঘটনায় শি চিনপিং প্রশাসন যে উদ্বিগ্ন তা নিয়ে কোনও লুকোছাপা নেই। বরং বেজিং শহর প্রশাসনের তরফে বলা হয়েছে, এই উদ্ভুত পরিস্থিতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে প্রশাসন।