দ্য ওয়াল ব্যুরো : ১৯৭২ সালে তৈরি নাইকির ডিজাইন করা জুতো। নাম 'মুন শু'। কেবল ১২ জোড়া জুতো বানানো হয়েছিল তখন। তার মধ্যেই এক জোড়া জুতোর নিলাম হলো মঙ্গলবার। নিলামে প্রায় ৩ কোটি টাকা দিয়ে ওই জুতো কিনে নিলেন কানাডার সংগ্রাহক মাইলস নাদাল। এই জুতো কেনার সঙ্গে সঙ্গেই তাঁর সংগ্রহে জুতোর সংখ্যা দাঁড়ালো ১০০।
মঙ্গলবার নিউ ইয়র্কে নিলাম হয় এই জুতোর। সংস্থার তরফে জানানো হয়, প্রাথমিক দাম ঠিক করা হয়েছে ১ কোটি ১০ লক্ষ টাকা। কিন্তু সেই জুতোই প্রায় তিন গুণ বেশি দামে কিনে নেন নাদাল। এর আগে নিলামে সবথেকে বেশি দামি বিক্রি হওয়া জুতো ছিল ১৯৮৪ অলিম্পিকসের বাস্কেটবল ফাইনালে মার্কিন বাস্কেটবল প্লেয়ার মাইকেল জর্ডনের পরা জুতো। ২০১৭ সালে এই জুতো নিলাম হয় ১ কোটি ৩০ লক্ষ টাকায়। সেই দামকে অনেক পিছনে ফেলে দিল এ দিনের এই নিলাম।
কিন্তু কী বিশেষত্ব এই 'মুন শু'র?
নাইকির তরফে জানানো হয়েছে, ১৯৭২ সালে নাইকির অন্যতম প্রতিষ্ঠাতা বিল বাওয়ারম্যান নিজে হাতে ডিজাইন করেছিলেন এই জুতো। অলিম্পিকসের ট্রায়ালে দৌড়নোর জন্য বানানো হয় এই জুতো। মাত্র ১২ জোড়া জুতো বানানো হয়েছিল। তার মধ্যে কেবল এক জোড়া এখন ভালো আছে। সেটাই নিলাম হলো এ দিন। এই জুতো কিনে নাদাল জানিয়েছেন, "এই বিরলতম মুন শু কিনতে পেরে আমি খুবই এক্সাইটেড। এটা বিশ্বে বানানো অন্যতম সেরা জুতো। তার সঙ্গে ক্রীড়া ও পপ জগতের যোগ আছে। তাই এই জুতোর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস।"
৬১ বছর বয়সী নাদাল এর আগে ৯৯ জোড়া জুতো কিনতে প্রায় ৬ কোটি টাকা খরচ করেছেন। কিন্তু এই এক জোড়া কিনতেই তার অর্ধেক দাম লাগলো। টরন্টোর নিজস্ব মিউজিয়ামে এই জুতোর প্রদর্শনের ব্যবস্থা করবেন, এমনটাই জানিয়েছেন নাদাল। সেখানে অবশ্য মুন শু ছাড়াও আরও বিরল সব জুতোর সম্ভার থাকবে বলেই তিনি জানিয়েছেন।