চিনে সংক্রমণ ছড়ানোর পরে প্রথম নতুন আক্রান্তের সন্ধান মেলেনি, বড় সাফল্য, দাবি জিংপিং সরকারের
দ্য ওয়াল ব্যুরো: প্রথম এই দেশ থেকেই ছড়িয়েছিল করোনাভাইরাস। গোটা বিশ্বে প্রথম চিনেই হু হু করে বেড়েছিল সংক্রমণ। যদিও সবার আগে সংক্রমণ কমাতে সক্ষম হয়েছে চিন। তারপরেও আক্রান্তের সংখ্যা প্রতিদিনই কিছু হলেও বাড়ছিল। শনিবার নাকি চিনে নতুন কোনও আক্রা
শেষ আপডেট: 23 May 2020 03:13
দ্য ওয়াল ব্যুরো: প্রথম এই দেশ থেকেই ছড়িয়েছিল করোনাভাইরাস। গোটা বিশ্বে প্রথম চিনেই হু হু করে বেড়েছিল সংক্রমণ। যদিও সবার আগে সংক্রমণ কমাতে সক্ষম হয়েছে চিন। তারপরেও আক্রান্তের সংখ্যা প্রতিদিনই কিছু হলেও বাড়ছিল। শনিবার নাকি চিনে নতুন কোনও আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। সংক্রমণ ছড়ানোর পরে এই প্রথম এই ঘটনা দেখা গিয়েছে। এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে দাবি করেছে শি জিংপিং সরকার।
জানুয়ারি মাস থেকে চিনে ছড়িয়েছে এই সংক্রমণ। সবার আগে উহান শহরে করোনা সংক্রমণের হদিশ পাওয়া যায়। তারপর থেকে গোটা চিনেই তা ছড়িয়ে পড়ে। উহানে এই সংক্রমণ ছড়ানোর জন্য চিনের কাঁচা মাংসের বাজারকে দায়ী করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু পর্যন্ত স্বীকার করেছিল, সংক্রমণ ছড়ানোর পিছনে এই বাজারের ভূমিকা রয়েছে।
চিনে আক্রান্তের সংখ্যা প্রথমে বাড়লেও ধীরে ধীরে আমেরিকা, ইতালি, স্পেন, ব্রিটেন, রাশিয়া, ব্রাজিল, ভারতের মতো দেশ এই সংখ্যাকে অতিক্রম করেছে। মৃত্যুর সংখ্যাও চিনে সাড়ে চার হাজারের কাছে। যদিও আমেরিকা দাবি করেছে, আক্রান্তের ও মৃত্যুর সংখ্যার সঠিক হিসেব চিন দিচ্ছে না। যা জানানো হয়েছে, তার থেকে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেশি। করোনা সংক্রমণ ছড়ানোর জন্যও চিনকে বারবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে চিনের তরফে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বের অন্যান্য দেশকে সব রকমের সাহায্য করছে চিন। করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় তথ্য সবাইকে জানিয়েছে তারা। কী ভাবে এই সংক্রমণ মোকাবিলা করা যেতে পারে, সে ব্যাপারেও সাহায্য করেছে তারা। কিন্তু চিনের এই দাবি একবারের জন্যও মানেনি আমেরিকা। এখনও দু’দেশের মধ্যে এই সংঘাত জারি রয়েছে।
করোনা সংক্রমণ নিয়ে অবশ্য বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি চিনে। যেমন প্রথম এই সংক্রমণের খবর দেওয়া সাংবাদিক কিংবা এই সংক্রমণের কারণ নিয়ে মুখ খোলা চিকিৎসক নিখোঁজ হয়ে গিয়েছেন। দেশের অভ্যন্তরের ছবিটাও বিশ্বের কাছে অনেকটাই অজানা। এমনকি আমেরিকা যে বারবার দাবি করছে, উহানের এক ল্যাবরেটরি থেকেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে, সে মতেরও সমর্থন করেছে কিছু দেশ। তাই চিনের এই নতুন আক্রান্তের সন্ধান না মেলার দাবি বিশ্বের প্রথম সারির দেশ কতটা স্বীকার করে সেটাই দেখার।