দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাসে বিশ্বজুড়ে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে সব দেশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুসারে এই ভাইরাস মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে পিছিয়ে নেই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটও। তারাও জঙ্গিদের এই মুহূর্তে ইউরোপের দেশগুলিতে যেতে নিষেধ করেছে। সেইসঙ্গে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে তাদের।
আইসিস তাদের মুখপত্র আল নাবাতে একাধিক নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে, এই পরিস্থিতিতে জঙ্গিদের সতর্ক থাকতে হবে। এই সময় যেন তারা অসুস্থ মানুষদের থেকে দূরে থাকে, সেই কথা বলা হয়েছে জঙ্গিদের। বারবার হাত ধোয়ার নিদান দেওয়া হয়েছে তাদের। এমনকি রাতের বেলা ঘুম থেকে উঠেও পরিষ্কার করে হাত ধুতে বলা হয়েছে। সবসময় সঙ্গে করে স্যানিটাইজার ব্যবহার করতে বলা হয়েছে। জঙ্গিরা যেন সবসময় মুখ ঢেকে রাখে, হাঁচি-কাশি থেকে দূরে থাকে তারও নিদান দেওয়া হয়েছে।
এই মুখপত্রে আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই বিশ্বের ১৩৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই করোনা ভাইরাস। তার মধ্যে ইউরোপের প্রায় সব দেশ রয়েছে। তাই এই সময় ইউরোপে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে জঙ্গিদের। কোনও জায়গায় আক্রান্তদের দেখতে পেলে জঙ্গিদের সেখান থেকে এমনভাবে পালাতে বলা হয়েছে, যেভাবে সিংহকে হঠাৎ দেখলে মানুষ পালায়।
এছাড়াও জঙ্গিদের আল্লাহর উপর ভরসা রাখতে বলা হয়েছে এই মুখপত্রে। আল্লাহ সব কিছু ঠিক করে দেবেন, এই বিশ্বাস যেন প্রত্যেকে রাখে। প্রতিদিন যেন তারা পাঁচ ওয়াক্ত নমাজ পড়ে। সেইসঙ্গে জঙ্গি শিবিরের মধ্যে কারও শরীর খারাপ হলে উর্ধ্বতন কম্যান্ডারকে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বজুড়ে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি মানুষের। আইসিসের ডেরা ইরাকেও ৮০ জন এই ভাইরাসে আক্রান্ত। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাড়ছে এই ভাইরাস। তাই এই পরিস্থিতিতে জঙ্গি কার্যকলাপ বন্ধ রেখে নিজেদের সুরক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে জঙ্গিদের।