দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টেইন। বৃহস্পতিবার তাঁকে পেশ করা হয়েছিল আদালতে। সাক্ষ্য দিতে হাজির ছিলেন অভিনেত্রী অ্যানাবেলা স্কোরিয়া। তাঁর বয়ান শুনে শিউরে উঠেছেন স্বয়ং বিচারকও। কান্নায় ভেঙে পড়ে অ্যানাবেলা জানিয়েছেন, অভিনেত্রীর বাড়িতেই তাঁকে একলা পেয়ে ধর্ষণ করেন হার্ভে ওয়েনস্টেইন।
১৯৯৩-৯৪ সালে এক শীতকালের রাতে হার্ভের শিকার জন অ্যানাবেলা। তাঁর কথায়, ঘটনার দিন নিজের ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে একলাই ছিলেন তিনি। পরনে ছিল রাতের পোশাক। সেদিন তাঁর বাড়িতে উপস্থিত ছিলেন প্রযোজক ওয়েনস্টেইনও। আচমকাই অ্যানাবেলার উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। অভিনেত্রী কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় নির্যাতন। অ্যানাবেলার কথায়, "প্রথমে বুঝতেই পারছিলাম না কেন এমন করছেন উনি। অসহনীয় যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিলাম। এতটাই ভয় পেয়েছিলাম যে কাঁপতে শুরু করেছিলাম। কিন্তু সেই অবস্থাতেও আমাকে রেহাই দেয়নি হার্ভে। শিকারীর মতো আমার সারা শরীরে নির্যাতন চালাচ্ছিলেন।"
কিন্তু এতদিন পর কেন সরব হলেন অ্যানাবেলা? সেদিনই বা কেন বাধা দেননি হার্ভে ওয়েনস্টেইনকে?
এদিন আদালতে অ্যানাবেলার অভিযোগ শুনে একবারও তাঁর দিকে সরাসরি চোখ তুলে তাকা পারেননি হার্ভে। অভিনেত্রী বলেন, "সেদিনের ঘটনার আকস্মিকতায় আমি সব শক্তি হারিয়ে ফেলেছিলাম। ওঁকে বাধা দেওয়ার মত জোর আমার শরীরে ছিল না।" অ্যানাবেলা জানিয়েছেন, তিনি এতই ভয় পেয়েছিলেন যে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবকেও একথা বলতে পারেননি। পুলিশের অভিযোগ করেননি। কারণ ভেবেছিলেন কেউ তাঁর কথা বিশ্বাস করবে না। উল্টে হয়তো এমন নামি লোকের বিরুদ্ধে অভিযোগ আনায় তাঁকেই কাঠগড়ায় দাঁড় করাবে সমাজ। অ্যানাবেলার কথায়, "মানসিক ভাবে এতটাই বিপর্যস্ত ছিলাম যে সারাক্ষণ মদে ডুবে থাকতাম। আর হাতের কাছে ধারালো জিনিস পেলেই নিজেকে আঘাত করতাম। হাত-পা কেটে ফেলতাম। সারা শরীর রক্তে ভেসে যেত আমার।"
ঘটনার কয়েক বছর পর অবশ্য একটি সাক্ষাৎকারে প্রথম নিজের সঙ্গে এই নির্যাতনের কথা প্রকাশ্যে আনেন অ্যানাবেলা। তারপর থেকেই ভয়ে ভয়ে থাকতেন তিনি। এড়িয়ে চলতেন সকলকেই। তবে ১৯৯৭ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের সময় ফের অ্যানাবেলাকে নিশানা বানান হার্ভে। এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী। সেবার গোটা ব্যাপারটা নাকি ভিডিও করে রাখতে চেয়েছিলেন হার্ভে, তেমনটাই অভিযোগ অ্যানাবেলার। যদিও গোটা ঘটনায় অ্যানাবেলাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হার্ভে ওয়েনস্টেইনের আইনজীবী। তাঁর দাবি, সম্পূর্ণ বানিয়ে বানিয়ে এমন ভিত্তিহীন অভিযোগ এনেছেন অ্যানাবেলা। তাঁর মক্কেলকে ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন হার্ভের আইনজীবী।
#metoo ঝড়ে গত এক বছরে তোলপাড় হয়েছে বিনোদন জগত। বলিউড থেকে হলিউড অভিযযুক্তের তালিকায় উঠে এসেছিল প্রথম সারির পরিচিতদের নাম। কারও কারও নাম শুনে আঁতকে উঠেছিল দর্শকমহল। তবে সর্বপ্রথম #metoo প্রতিবাদ হয়েছিল হলিউড প্রযোজন হার্ভে ওয়েনস্টেইন বিরুদ্ধে। কাস্টিং কাউচ থেকে নানাভাবে মহিলাদের উত্যক্ত করা সবক্ষেত্রেই শীর্ষে ছিল হার্ভের নাম। বহুদিন ধরেই তাঁর কীর্তিকলাপ নিয়ে সরব হয়েছিলেন হলিউড তারকারা। হার্ভের আচরণ যে অত্যন্ত অশালীন তা নিয়ে মুখ খুলেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। সরব হয়েছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাইও। প্রায় ৮০ জন মহিলা অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে।
অবশেষে ২০১৮ সালের মে মাসে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন এই হলিউড প্রযোজক। অনেক কাঠখড় পোড়ানোর পর নিউ ইয়র্ক সিটির গোয়েন্দারা গ্রেফতার করেন তাঁকে।