দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের শরীরে মিলেছে করোনাভাইরাসের নমুনা। আপাতত উত্তর নিউ ইয়র্কের একটি জেলে বন্দি রয়েছেন ৬৮ বছরের এই প্রযোজক।
একাধিক ধর্ষণ, নানা ভাবে মহিলাদের উত্যক্ত করা, যৌন হেনস্থা ও আরও অনেক অপরাধের সাজাস্বরূপ ২৩ বছরের জেল হয়েছে এই বর্ষীয়ান প্রযোজকের। রবিবার জেলের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়েছে যে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন হার্ভে ওয়েনস্টেইন। সূত্রের খবর নিউ ইয়র্কের ওই জেলে দু’জন বন্দির শরীরে করোনাভাইরাসের সংক্রমণের নমুনা পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে একজন এই হার্ভে ওয়েনস্টেইন।
উত্তর-পূর্ব নিউ ইয়র্ক শহর থেকে ৫৬০ কিলোমিটার দূরে বাফেলো-র কাছে একটি জেলে সরিয়ে দেওয়া হয়েছে হার্ভে ওয়েনস্টেইনকে। তার আগে অবশ্য রিকার্স দ্বীপের একটি জেলে বন্দি ছিলেন হার্ভে। এই জেলে একসঙ্গে থাকে অনেক বন্দি। হার্ভের থেকে তাঁদের শরীরেও ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। তাই দ্রুত সরিয়ে দেওয়া হয়েছে সাজাপ্রাপ্ত প্রযোজককে।
সম্প্রতি ম্যানহাটনের একটি হাসপাতালে বুকে ব্যথা নিয়ে ভর্তি হন হার্ভে। চলে চিকিৎসাও। এছাড়াও হার্ভের ডায়াবেটিস এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বলেও জানিয়েছে জেল কর্তৃপক্ষ। যদিও হার্ভে ওয়েনস্টেইন বা তাঁর মুখপাত্রের তরফে এখনও কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার ব্যাপারে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। সংক্রমণে সারা বিশ্বে মৃতের সংখ্যা ১৪,৬৮৭। আক্রান্ত তিন লক্ষেরও বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার। জন হপকিনস ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, নিউইয়র্কে আক্রান্ত আট হাজারের বেশি। মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের।