দ্য ওয়াল ব্যুরো: ক্রমশ বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। দাবদাহ চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকায় পারদ পৌঁছেছে ১৩০ ডিগ্রি ফারেনহাইটে, অর্থাৎ ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। গত রবিবার ১৬ অগস্ট এই উষ্ণতা রেকর্ড করা হয়েছে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির Furnace Creek এলাকায়।
আবহাওয়াবিদরা ইতিমধ্যেই পুনরায় এই তাপমাত্রা যাচাই করে দেখার কাজ শুরু করেছেন। তাঁরা জানিয়েছেন, এই তাপমাত্রা যদি সত্যি হয় তাহলে সম্ভবত সারা বিশ্বে অগস্ট মাসের সর্বোচ্চ তাপমাত্রা হতে চলে এটিই। ভাঙতে চলে আরও অনেক রেকর্ড। আবহবিদরা জানিয়েছেন, এ যাবৎ বিশ্বে যে তিনবার সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয়েছে সেই তালিকায় সম্ভবত শীর্ষে থাকবে ডেথ ভ্যালির এই তাপমাত্রা। অবশ্য সবই নির্ভর করছে দ্বিতীয়বার যাচাইয়ের পর পাওয়া পরিসংখ্যানে উপর।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তরফে জানানো হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় সময় অনুসারে রবিবার বেলা ৩টে ৪১মিনিট নাগাদ ডেথ ভ্যালির তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩০ ডিগ্রি ফারেনহাইট। ন্যাশনাল ওয়েদার সার্ভিস আরও জানিয়েছে, যাচাইয়ের পর যদি দেখা যায় যে পারদ সত্যিই এতটা চড়েছিল তাহলে গতবছর অগস্ট মাসে ডেথ ভ্যালিতে যে তাপমাত্রা রেকর্ড হয়েছিল তাকে মাত্র ৩ ডিগ্রির ব্যবধানে হারিয়ে দেবে এ বছরের উষ্ণতা।
ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল অর্গানাইজেশনের ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এক্সট্রিম টিমের পুরোধা র্যান্ডি সেরভেনি জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনি যা ইঙ্গিত পেয়েছেন তাতে এটি একটি বৈধ পর্যবেক্ষণ। আপাতত ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল অর্গানাইজেশনকে এই প্রাথমিক পর্যবেক্ষণ মানার কথা বলেছেন তিনি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউএস ন্যাশনাল ক্লাইমেট এক্সট্রিমস কমিটির সঙ্গে যৌথ ভাবে এই তাপমাত্রা যাচাই করে দেখবেন আবহবিদ র্যান্ডি এবং তাঁর টিম।
এর আগে ১৯১৩ সালের ১০ জুলাই ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩৪ ডিগ্রি ফারেনহাইট। তবে এই তাপমাত্রা নিয়ে বেশ কিছু সংশয় রয়ে গিয়েছে। ২০১৬ সালে এক্সট্রিম ওয়েদার ডেটা সম্পর্কিত বিশেষজ্ঞ ক্রিস্টোফার বার্ট জানিয়েছিলেন আবহাওয়ার নিরিখে পর্যবেক্ষণ করলে এমনটা হওয়া সম্ভব নয়। অনেক আবহবিদ মনে করেন ২০১৩ সালের ৩০ জুন ডেথ ভ্যালিতে রেকর্ড হওয়া ১২৯ ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা এবং ২০১৬ ও ২০১৭ সালে যথাক্রমে কুয়েত এবং পাকিস্তানে রেকর্ড হওয়া এই তাপমাত্রাই এখনও পর্যন্ত বিশ্বে সর্বাধিক। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ১৬ অগস্টের তাপমাত্রা সঠিক বলে যাচাই হলে এই রেকর্ড ভেঙে যাবে। প্রসঙ্গত, এর আগে ১৯৩১ সালের ৭ জুলাই তিউনিসিয়ার কেবিলি-তে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩১ ডিগ্রি ফারেনহাইট। আফ্রিকার সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে ধরা হয়েছিল উষ্ণতাকে। তবে এই তাপমাত্রা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে বলে জানিয়েছেন আবহবিদ ক্রিস্টোফার বার্ট।
ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের শুষ্ক এবং উষ্ণতম স্থান হিসেবে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ১৯০ ফুট। দক্ষিণ-পূর্ব ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে রয়েছে এই ডেথ ভ্যালি। মারাত্মক গরমের জন্য এই এলাকা বরাবরই বিখ্যাত। ২০১৮ সালের জুলাই মাসে ডেথ ভ্যালির গড় তাপমাত্রা ছিল ১০৮.১ ডিগ্রি ফারেনহাইট। বিশ্বের পরিসংখ্যানে এটিই ছিল উষ্ণতম মাস। ওই বছর জুলাই মাসে অন্তত ২১ দিন পারদ পৌঁছেছিল ১২০ ডিগ্রি ফারেনহাইটে।