দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর ভাবে করোনাভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে মার্কিন মুলুকে। এখনও পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্রেই কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই দেশে মোট আক্রান্তের সংখ্যা ১,২৩,৭৮০। মৃত্যু হয়েছে ২২২৯ জনের। তাদের মধ্যে রয়েছে এক দুধের শিশুও। বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনা বিরল। এত ছোট শিশুর মৃত্যু হতে পারে করোনাভাইরাসে এমন ঘটনা বিরলতম বলেই জানিয়েছেন তাঁরা।
ইলিনয়ে মৃত্যু হয়েছে এই শিশুর। এক সাংবাদিক সম্মেলনে সেখানকার গভর্নর জে বি প্রিটজকর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইলিনয়ে যে ১৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে রয়েছে একটি শিশুও। অনুমান করা হচ্ছে, তার বয়স এক বছরেরও কম। এই প্রথম করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে কোনও দুধের শিশুর। স্বভাবতই উদ্বেগে রয়েছে ইলিনিয়ের প্রশাসন।
শিকাগো শহরের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে এই নবজাতকের। তার শরীরে করোনাভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে। কোভিড ১৯ পজিটিভ রিপোর্টও এসেছে ওই শিশুর। তবে কেবল করোনায় আক্রান্ত হয়েই ওই শিশুর মৃত্যু হয়েছে নাকি এই দুধের শিশুর অন্য কোনও শারীরিক সমস্যা ছিল তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। ইলিনয়ের ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথের পরিচালক ডক্টর এনগোজি ইজিকে জানিয়েছেন, শিশুর মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
পরিসংখ্যান বলছে, গত দু’দিনে আমেরিকাতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ বেড়েছে। এই মুহুর্তে মার্কিন মুলুকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২২২৯। শুক্রবার থেকে এই সংখ্যাটা দ্বিগুণ বেড়েছে। মৃতের সংখ্যা সবথেকে বেশি নিউইয়র্কে। শুধুমাত্র এই শহরেই ৫২ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭০০ জনেরও বেশি মানুষের।আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে নিউ জার্সি। ৮,৮২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই নিউ জার্সিতে।