দ্য ওয়াল ব্যুরো : ভারতের পর এ বার ইরান। সীমান্তে সন্ত্রাসবাদ রুখতে ইসলামাবাদকে হুঁশিয়ারি দিল ইরান। জানানো হয়েছে, ভারতের মতো এ বার ইরানও পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। ভারত যেভাবে জঙ্গি দমন করছে, সেভাবেই ইরানের মাটি থেকে জঙ্গিদের মুছে ফেলতে বদ্ধপরিকর তাদের সেনাবাহিনী।
সূত্রের খবর, ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল কাশিম সোলেমানি পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর সেনাবাহিনীর উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, "পাক সরকারের কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনারা কোথায় চলেছেন। পাকিস্তানের সব পড়শি দেশের সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে তাদের জঙ্গি সংগঠন। পাকিস্তানের কি আর কোনও পড়শি বাকি আছে, যাদের এই সমস্যা ভোগ করতে হয়নি?"
জঙ্গি দমনে পাকিস্তান যে কোনও পদক্ষেপই নিচ্ছে না, সেটা আরেকবার মনে করিয়ে দেন জেনারেল সোলেমানি। তিনি বলেন, "পরমাণু অস্ত্র নিয়েও কয়েকশ জঙ্গিকে ধ্বংস করতে পারছে না পাকিস্তান। এটা থেকেই তাদের মনোভাব বোঝা যাচ্ছে।"
সূত্রের খবর, ইরানের সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, সীমান্তে জঙ্গি দমনে কড়া ভূমিকা নেওয়ার জন্য। ভারত যেভাবে পাকিস্তানের দিকে না তাকিয়ে নিজেরাই জঙ্গিদের ধ্বংস করছে, সেই একই পদ্ধতি নিতে বলা হয়েছে ইরানের সেনাকে। শুধু ভারত বা ইরানই নয়, পাকিস্তানের আরেক পড়শি দেশ আফগানিস্তানও এই জঙ্গি কার্যকলাপে বিরক্ত। মাঝেমধ্যেই আফগান সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে।
জঙ্গি দমনে গত কয়েক বছর ধরেই ভারত ও ইরান হাত মিলিয়ে কাজ করছে। এই সপ্তাহেই বিদেশ সচিব বিজয় গোখলের যাওয়ার কথা ছিল ইরানে। কিন্তু ভারত-পাক উত্তেজনার মধ্যে সেই বিদেশযাত্রা বাতিল করা হয়েছে। ইরানের বিদেশমন্ত্রক সূত্রে খবর, ইরান-পাকিস্তান সীমান্তে দেওয়াল তুলতে চাইছে ইরান। পাকিস্তান যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে জঙ্গিদের জবাব দেবে ইরান সেনা, এমনটাই জানানো হয়েছে ইরানের প্রতিরক্ষামন্ত্রকের তরফেও।
কূটনৈতিক মহলের মতে, জঙ্গি কার্যকলাপ নিয়ে বর্তমানে কোনঠাসা অবস্থা ইমরান খানের সরকারের। একদিকে ভারতের মতো শক্তিশালী দেশ, অন্য দিকে ইরান ও আফগানিস্তান। এই তিন দেশের মধ্যে পড়ে নাজেহাল দশা তাদের। সীমান্তে সন্ত্রাসবাদ রোখার ব্যাপারে কোনও পদক্ষেপ নিচ্ছে না ইসলামাবাদ। অন্যদিকে তাদের অভ্যন্তরীন অবস্থাও খুব একটা ভালো নয়। মাঝেমধ্যেই পাক সেনাকেও নিশানা বানাচ্ছে জঙ্গি সংগঠনগুলি।
এই অবস্থাতেই পাকিস্তানকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে ইরান। জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের অভিযোগের জবাবে পাকিস্তানের তরফে বারবার দাবি করা হয়েছে, জঙ্গিদের মদত দেয় না পাকিস্তান। কিন্তু এ বার ভারতের সুরে সুর মিলিয়ে একই অভিযোগ আনল ইরান। কূটনৈতিক মহলের মতে, এর ফলে আরও চাপ বাড়ল ইমরান খানের সরকারের উপর।
আরও পড়ুন
https://thewall.in/news-national-ntro-surveillance-of-jem-camp-in-balakot-before-strikes-confirms-300-active-mobile-phones/