হাত মেলাতে ভুলে গিয়েছিলেন আবু ধাবির রাজা, পরে ছোট্ট মেয়ের বাড়ি গিয়ে দেখা করলেন নিজেই
দ্য ওয়াল ব্যুরো: রাজাকে অভ্যর্থনা জানাতে সেজেগুজে তৈরি হয়েছিল ছোট্ট মেয়েটি। বাকিদের সঙ্গে রাজার সঙ্গে হাত মেলাবে বলে লাইনেও দাঁড়িয়েছিল। কিন্তু এ কী! রাজা তো হ্যান্ডশেক না করেই এগিয়ে গেলেন। বাকি বাচ্চাদের সঙ্গে হাত মেলালেন বটে। তবে এই মেয়েটি
শেষ আপডেট: 4 December 2019 13:56
দ্য ওয়াল ব্যুরো: রাজাকে অভ্যর্থনা জানাতে সেজেগুজে তৈরি হয়েছিল ছোট্ট মেয়েটি। বাকিদের সঙ্গে রাজার সঙ্গে হাত মেলাবে বলে লাইনেও দাঁড়িয়েছিল। কিন্তু এ কী! রাজা তো হ্যান্ডশেক না করেই এগিয়ে গেলেন। বাকি বাচ্চাদের সঙ্গে হাত মেলালেন বটে। তবে এই মেয়েটিকে খেয়ালই করলেন না।
https://twitter.com/i/status/1201455999170859008
নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও। যেখানে দেখা গিয়েছে আবু ধাবির রাজা শেখ মহম্মদ বিন জায়েদ হাত মেলাতে ভুলে গিয়েছে ছোট্ট আয়েশার সঙ্গে। আবু ধাবির রাষ্ট্রপতি ভবনে হাজির ছিলেন সৌদি আরবিয়ার রাহা মহম্মদ বিন সলমন। তাঁকে স্বাগত জানানোর জন্য 'ওয়েলকাম সেরিমোনি'-তে অংশ নিয়েছিল আয়েষা। বলা ভালো, বাকি বাচ্চাদের সঙ্গে তাকেও নির্বাচন করা হয়েছিল।
রাজার সঙ্গে হ্যান্ডশেক করবে বলে উৎসাহে ফুটছিল আয়েষা। ভিডিওতে দেখা গিয়েছে রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে আসছেন দুই রাজা। রেড কার্পেটের দু'ধারে লাইন করে সেজেগুজে দাঁড়িয়ে ছিল বাচ্চারা। একজনের সঙ্গে হাত মেলাতেই হবে। তাই নিমেষে একবার জায়গাও বদল করে নিল আয়েষা। এবার পালা আবু ধাবির রাজা মহম্মদ বিন জায়েদের সঙ্গে হ্যান্ডশেক করার। কিন্তু বেখেয়ালে রাজামশাই আয়েষাকে পাশ কাটিয়ে চলেই গেলেন।
https://twitter.com/MohamedBinZayed/status/1201478756931686401
তবে আয়েষার মন খারাপ হতে দেননি রাজা। সারপ্রাইজ দিয়ে সটান পৌঁছে গিয়েছিলেন ছোট্ট মেয়েটির বাড়িতে। আয়েষার হাতে এবং কপালে চুমুও খেতে দেখা যায় আবু ধাবির রাজা মহম্মদ বিন জায়েদকে। পরিবারের সকলের সঙ্গে দেখাও করেন তিনি। তোলা হয় ছবিও। আর সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন রাজামশাই। আয়েষার প্রতি রাজার এমন স্নেহের ব্যবহার মনজয় করেছে নেটিজেনদের। রাজার সারপ্রাইজ ভিজিটে দারুণ খুশি আয়েষা এবং তার পরিবারও।