দ্য ওয়াল ব্যুরো: সত্যজিৎ রায়ের অন্যন্য সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম 'গুপী গাইন বাঘা বাইন'। আট থেকে আশি, সকলেরই বড্ড প্রিয় এই সিনেমার সিরিজ। নাম শুনলেই চোখের সামনে ভিড় করে ছোটবেলার হাজারো নস্ট্যালজিয়া।
এই 'গুপী গাইন বাঘা বাইন' ছবিতেই রাজদরবারে গান শোনাতে গিয়েছিল গুপী গায়েন। তার গান শুনে রাজা বলেছিলেন, "সপ্তক জানা আছে?" জবাবে ঘাড় নেড়েছিল গুপী। রাজামশাই জিজ্ঞেস করেছিলেন, "তৃতীয় এবং ষষ্ঠ সুর কী? এবং দুইয়ে মিলে কী হয়?" কড় গুনে গুপী জবাব দিয়েছিল, "তৃতীয় সুর গা এবং ষষ্ঠ সুর ধা, দুইয়ে মিলে গাধা।" তারপরেই হেসেছিল অপ্রস্তুত বোকা হাসি। তবে ততক্ষণে অট্টহাসি হেসে রাজা নির্দেশ দিয়েছিলেন গুপীকে যেন গাধার পিঠে চাপিয়ে গ্রামছাড়া করা হয়। কারণ এত বেসুরো গান কানে শোনা যায় না।
ছবিতে গুপী অবশ্য গাধার মতোই উচ্চস্বরে ডাক ছেড়েছিল কি না তা নিয়ে দ্বিমত রয়েছে। তবে বাস্তবে এ বার গান শোনাল এক গাধা। কাল দুলিয়ে তা সে কী ডাক। মালিকের সঙ্গে আপন্মনে গলা ছেড়ে গান গেয়েছে নাথান নামের ওই বিলিতি গাধাও। হোক না বেসুরো, কান পাতা দায়, তাতেও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সিংগিং স্টার বনে গিয়েছে ওই গাধা। ৩৬ লাখ লোক ইতিমধ্যেই শুনে ফেলেছেন গাধার গান।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ট্র্যাভিস কিনলে গাইতে বসেছিলেন 'লায়ন কিং' ছবির জনপ্রিয় থিম সং 'সার্কেল অফ লাইফ'। খোলা মাঠেই রেকর্ড করছিলেন গান। পিছনে মাথা নেড়ে গুটিগুটি পায়ে হাজির হয়েছিল তাঁর গাধা নাথানও। মালিক উচ্চস্বরে গান ধরতেই চেঁচিয়ে উঠল গাধাটি। এক্কেবারে হাই পিচের গলা। উঁচু স্কেলে ট্র্যাভিসের সঙ্গে গলা মিলিয়ে গাইতে শুরু করেছিল নাথান। প্রথমে গাধার ওমন বিকট ডাক শুনে একটু চমকেই গিয়েছিলেন ট্র্যাভিস। কিন্তু পরমুহূর্তেই ভেবেছিলেন এ দারুণ মজার জিনিস। এর আগে তাঁর পোষা গাধা জন্মেও এমন গলা ছেড়ে সঙ্গীত সাধনায় আগ্রহী হয়নি। অতএব রেকর্ড চালু থাকাই ভালো।
পোষা গাধার সঙ্গে মনের আনন্দে গানটান গেয়ে সেই ভিডিয়ো ফেসবুকে আপলোড করে দেন ট্র্যাভিস। ব্যাস! আর যায় কোথায়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ওই ভিডিয়ো। গাধার গান শুনে হেসে লুটিয়ে পড়েন নেটিজেনরা। অনেকেই কমেন্ট বক্সে এসে লিখেছেন, ভিডিয়ো দেখে হাসতে হাসতে বিষম খেয়েছেন। পেটে খিল ধরে গিয়েছে। তবুও হাসি থামছেই না। গাধার বিকট গান শুনে বিরক্ত হননি কেউই। বরং মালি ট্র্যাভিসের 'সেন্স অফ হিউমার'-এর প্রশংসায় মেতেছেন।
শুনুন সেই গাধার গান।
https://www.facebook.com/travis.kinley/videos/10216809100434042/