দ্য ওয়াল ব্যুরো: বাবা-মায়ের সঙ্গে হরিয়ানা থেকে ফিরেছিল ছ'বছরের প্রিয়ঙ্কা। নিজের রাজ্য উত্তরপ্রদেশে এসেও বাড়ি ফেরা হল না। বাসের অপেক্ষায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই পাথর বোঝাই ট্রাক পিষে দিল তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হল শিশুকন্যার। মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেইনপুরী জেলায়।
হরিয়ানায় কাজ করতেন প্রিয়াঙ্কার বাবা। স্ত্রী-কন্যাকে নিয়ে গিয়ে রেখেছিলেন সেখানে। লকডাউনের প্রায় পৌনে দু'মাস আটকে থাকার পর ফিরছিলেন বাড়ি। কিন্তু ফেরা হল না মেয়ের।
হরিয়ানা সরকার বাসে করে এই পরিবারকে নামিয়ে দেয় উত্তরপ্রদেশের মেইনপুরী জেলায়। সেখান থেকে উত্তরপ্রদেশ সরকারের বন্দোবস্ত করা বাসে সীতাপুর জেলায়। কিন্তু বাসের অপেক্ষা করতে করতে যে এইরকম দুর্ঘটনা ঘটবে তা দুঃস্বপ্নেও ভাবেননি প্রিয়াঙ্কার বাবা শিবকুমার।
তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, "আমাদের পাশেই দাঁড়িয়েছিল মেয়ে।হঠাৎ করেই দ্রুতগতির একটি ট্রাক ছুটে আসে এবং পিষে দেয়।" সন্তান হারানো শ্রমিক ও তাঁর স্ত্রীকে আলাদা গাড়িতে বাড়ি ফেরানোর বন্দোবস্ত করে সংশ্লিষ্ট জেলাপ্রশাসন। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালককেও। জানা গিয়েছে উত্তরপ্রদেশ থেকে হরিয়ানার দিকে যাচ্ছিল ট্রাকটি।
ভিন্ রাজ্য থেকে ঘরমুখী শ্রমিকদের মৃত্যু মিছিল চলছেই। সপ্তাহ দুয়েক আগে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে রেল লাইনে ঘুমিয়ে থাকা ১৬ শ্রমিককে পিষে দিয়েছিল মালগাড়ি। তারপর উত্তরপ্রদেশের আউরিয়া থেকে মধ্যপ্রদেশের ইন্দোর-- দেশের একাধিক রাজ্যে ঘরমুখী শ্রমিকদের দুর্ঘটনায় মৃত্যু মিছিল চলছেই। কোথাও রাস্তার ধারে পিষে দিচ্ছে ট্রাক তো কোথাও দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। এবার শ্রমিক-কন্যার প্রাণ গেল উত্তরপ্রদেশে।