ডিউটির ফাঁকে একটু বিশ্রাম, ফুটপাতেই নিশ্চিন্তে ঘুম দুই পুলিশকর্মীর
দ্য ওয়াল ব্যুরো: রাস্তার উপরেই ঘুমিয়ে পড়েছেন দুই পুলিশকর্মী। পরনে খাকি উর্দি। ফুটপাতের উপরেই পড়ে রয়েছে হেলমেট-লাঠি ও অন্যান্য সরঞ্জাম। পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছেন দুই রক্ষক। টুইটারে এই ভিডিও শেয়ার করেছেন অরুণাচলপ্রদেশ পুলিশের ডিআইজি মধুর ভার্ম
শেষ আপডেট: 25 April 2020 10:10
দ্য ওয়াল ব্যুরো: রাস্তার উপরেই ঘুমিয়ে পড়েছেন দুই পুলিশকর্মী। পরনে খাকি উর্দি। ফুটপাতের উপরেই পড়ে রয়েছে হেলমেট-লাঠি ও অন্যান্য সরঞ্জাম। পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছেন দুই রক্ষক। টুইটারে এই ভিডিও শেয়ার করেছেন অরুণাচলপ্রদেশ পুলিশের ডিআইজি মধুর ভার্মা।
অন্য সময় হলে অবশ্য আমজনতা এমন ছবি দেখে হইচই বাঁধিয়ে দিত। কীভাবে কর্তব্যরত অবস্থায় দুই পুলিশকর্মী ঘুমিয়ে পড়লেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হত চুলচেরা বিশ্লেষণ। তবে বিগত এক মাসেরও বেশি সময় ধরে জটিল পরিস্থিতি চলছে দেশে। সাধারণ মানুষের সুস্থ-স্বাভাবিক জীবনে থাবা বসিয়েছে নভেল করোনাভাইরাস। কোভিড-১৯ এর সংক্রমণে আক্রান্ত ২১ হাজারেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা ৭০০ পেরিয়েছে।
https://twitter.com/IPSMadhurVerma/status/1253521640647868416
সংক্রমণ রুখতে তৎপর প্রশাসন দেশজুড়ে লকডাউন জারি করেছে। তবে জরুরিভিত্তিক পরিষেবা সচল রয়েছে। আর তাই সজাগ রয়েছেন পুলিশকর্মীরাও। শক্ত হাতে হাল ধরেছেন তাঁরা। কোথাও অন্তঃসত্ত্বাকে দায়িত্ব নিয়ে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন, কোথাও বা ভিনরাজ্যের শ্রমিকদের সাহায্য করছেন। কেউবা নিজের খাবার থেকেই ভাগ দিচ্ছেন অসহায়দের। প্রতি মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এই মানুষগুলোর মধ্যেই নিশ্চয় ছিলেন এই দুই পুলিশকর্মীও। ছবি দেখে অনুমান ডিউটির মাঝে ফাঁক পেয়ে একটু জিরিয়ে নিচ্ছেন। টানা পরিশ্রমে হাল ছেড়ে দেয় শরীর। তবে এই পরিস্থিতিতে অসুস্থ হলে একেবারেই চলবে না। তাই নিজেদের চাঙ্গা রাখতেই একটু বিশ্রাম নিচ্ছেন এই দু’জন।
আইপিএস মধুর ভার্মা এই ছবি শেয়ার করে লিখেছেন, “এই সময়ে আরামদায়ক বিছানায় ৮ ঘণ্টার ঘুম কি বিলাসিতা নয়! যদি আপনি পুলিশ হন তাহলে নিঃসন্দেহে বিলাসিতা। এই করোনা-যোদ্ধাদের জন্য গর্ব হয়।“ সোশ্যাল মিডিয়ায় প্রায় ৩০ হাজার লোক ইতিমধ্যেই দেখেছেন এই ছবি। ৫ হাজারেরও বেশিবার রিটুইট করা হয়েছে এই ছবি। দুই পুলিশকর্মীকে কুর্নিশ জানিয়েছেন টুইটারিয়ানরা।