দ্য ওয়াল ব্যুরো: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল চেতলার একটি প্লাইউড ও আসবাবপত্রের দোকান। দোকানটিতে আগুন লাগে বৃহস্পতিবার সন্ধ্যা-রাতে। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের পনেরোটি ইঞ্জিন। দ্রুত তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ওই দোকানের পিছনে একটি বস্তি রয়েছে। তাই সময়মতো দমকল এসে আগুন নিয়ন্ত্রণ না করলে বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। তিনি জানিয়েছেন, সম্ভবত শর্ট সার্টিট থেকে আগুন লেগেছে। ফিরহাদ হাকিম এই এলাকারই বাসিন্দা।
আগুন লাগার পরে ফোনে দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা হয় মেয়রের। দ্রুত ঘটনাস্থলে চলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু নিজে।
দোকানের মালিক কিছুদিন আগে প্রয়াত হওয়ার পরে তাঁর স্ত্রী দোকানটি চলাচ্ছেন বলে জানিয়েছেন মেয়র। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে দোকানের ভিতরে প্রচুর দাহ্য পদার্থ ছিল বলে জানা গেছে। একটি পুরনো বাড়িতে দোকানটি চলত।
সুজিত বসু বলেন, সন্ধ্যা সওয়া সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আগুন লাগে। খবর পেয়ে পনেরোটি ইঞ্জিন পাঠানো হয়। অত্যন্ত দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দোকানটি অগ্নি-বিধি মেনে চলছিল কিনা প্রশ্ন করা হলে দমকলমন্ত্রী বলেন যে, সব বিধি মেনে চলতে হলে অর্ধেক দোকানই বন্ধ করে দিতে হবে। তবে মানুষকে আরও সচেতন হতে হবে।
যে দোকানে আগুন লেগেছিল সেই রাস্তার মুখে যানজট লেগে যায়, পুলিশ অবশ্য দ্রুত তা নিয়ন্ত্রণে আনে।