দ্য ওয়াল ব্যুরো: করণ ওবেরয়। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ তিনি। তবে এ বার ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এই টেলি অভিনেতা।
পুলিশ জানিয়েছে, করণের বিরুদ্ধে অভিযোগ ২০১৭ সালে এক মহিলাকে ধর্ষণ করেছিলেন তিনি। মহিলাকে নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ওই মহিলাকে যৌন হেনস্থা করেছেন অভিনেতা। এমনকী তাঁর কাছে বিপুল পরিমাণ টাকাও চেয়েছিলেন করণ। হুমকি দিয়েছিলেন নইলে ওই মহিলার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস করে দেবেন। পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের ওয়াশিওয়ারার বাসিন্দা ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে করণ ওবেরয়কে।
তবে এ ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেননি টেলি অভিনেতা করণ ওবেরয়। এমনকী ২০১৭ সালে ঘটে যাওয়া ঘটনার অভিযোগে কেন এতদিন পর করণকে গ্রেফতার করা হয়েছে তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও প্রসঙ্গে কোনও সদুত্তর দিতে পারেনি ওয়াশিওয়ারা থানার পুলিশ।
মহেশ ভাটের 'স্বভিমান' সিরিয়াল দিয়েই প্রথম টেলি দুনিয়ায় ডেবিউ করেন করণ। তিনি ছিলেন মুম্বইয়ের বিখ্যাত হিন্দি গানের ব্যান্ড 'দ্য ব্যান্ড অফ বয়েজ'-এর সদস্য। ২০০১ সালে তৈরি হয়েছিল এই ব্যান্ড। মহেশ ভাটের 'স্বভিমান'-এর পর 'সায়া' নামের একটি সিরিয়ালেও অভিনয় করেন করণ। জনপ্রিয় সিরিয়াল 'জসসি জ্যায়সি কোই নেহি'-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল করণ ওবেরয়কে।