
শেষ আপডেট: 8 June 2021 12:02
গবেষকরা বলছেন, ডেক্সামিথাসোন খাওয়ানো হয়েছে এমন ১০৭ জন গর্ভবতী মহিলা সময়ের আগেই সন্তানের জন্ম দিয়েছেন। প্রি-ম্যাচিওর ডেলিভারির কারণে সদ্যোজাতের শরীরেও নানারকম জটিলতা দেখা গেছে। স্টেরয়েড জাতীয় ওষুধের এমনিতেও নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। গর্ভবতী মহিলাদের শরীরে স্টেরয়েডের বেশি ডোজ বা অনিয়ন্ত্রিত ব্যবহার গর্ভস্থ ভ্রূণের মৃত্যুর কারণও হতে পারে।
ডেক্সামিথাসোন হল র্টিকোস্টেরয়েড। এমন স্টেরয়েড যাকে কৃত্রিমভাবে তৈরি করা হয়। করোনায় রোগীদের শরীরে যে তীব্র প্রদানজনিত রোগ বা ইনফ্ল্যামেশন তৈরি হয়, তাকে কমাতে পারে ডেক্সামিথাসোন। সাইটোকাইন স্টর্ম রুখে দিতে পারে এই স্টেরয়েড। গবেষকরা বলছেন, গর্ভবতী মায়েদের ডেক্সামিথাসোন বেশি খাওয়ালে তার প্রভাব পড়বে শিশুর শরীরেো। নির্দিষ্ট সময়ের আগে জন্ম, জন্মের সময় অতিরিক্ত কম ওজনের ঝুঁকি বাড়বে। প্রি-ম্যাচিওর বার্থ শুধুই শারীরিক নয়, ডেকে আনতে পারে নানা রকমের মানসিক সমস্যাও। জন্মের সময় কম ওজন থাকলে পরে মানসিক গঠনের পথে তা বাধা হয়ে দাঁড়ায়। এই ধরনের শিশুরা মনযোগের অভাব, উৎকণ্ঠাজনিত সমস্যার পাশাপাশি কিছু সামাজিক সমস্যাতেও ভোগে।
গর্ভবতী মায়েরা সংক্রমিত হলে কতটা জটিল অসুখ করতে পারে তা এখনও সঠিকভাবে বলতে পারেননি বিজ্ঞানীরা। অন্তঃসত্ত্বা মহিলাদের পরীক্ষা করে দেখা গেছে, কিছু ক্ষেত্রে সংক্রমণ জটিল পর্যায়ে পৌঁছয়নি। হাল্কা জ্বর, মাথাব্যথা, গা-হাতপায়ে ব্যথার মতো লক্ষণ দেখা গেছে। ভাইরাল ফ্লু-এর মতো উপসর্গও দেখা গেছে অনেকের। আবার অনেকেরই রোগের কোনও বাহ্যিক লক্ষণ দেখা যায়নি। উপসর্গহীন বা অ্যাসিম্পটোমেটিক মায়েরা প্রসবের আগে জানতে পেরেছেন তাঁরা করোনা আক্রান্ত। আর প্রসবের পরে দেখা গেছে সন্তানের মধ্যেও সংক্রমণ ছড়িয়েছে। তাই এমন ক্ষেত্রে গর্ভবতী মায়েদের কড়া ডোজের অ্যান্টি-ভাইরাল বা স্টেরয়েড জাতীয় ওষুধের বদলে অন্য কোনও রকম থেরাপি করা সম্ভব কিনা সে ব্যাপারে ভাবনাচিন্তা করতে বলছেন গবেষকরা।