দ্য ওয়াল ব্যুরো: সতর্কবার্তা আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। অবশেষে আছড়ে পড়ল এ বছরের সবথেকে ভয়ঙ্কর ঝড় সুপার টাইফুন মাংখুট। ফিলিপিন্সে শনিবার সকালে প্রবল বৃষ্টির সঙ্গে আছড়ে পড়ে ওই ঝড়। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দেশ।
পূর্বাভাসেই বলা হয়েছিল যে, এটাই হবে চলতি বছরের ভয়ঙ্করতম ঝড়। ফিলিপিন্সের লুজো দ্বীপে প্রবেশ করেছে সেই শক্তিশালী ঝড়। ঝড়ের গতিবেগ ছিল ২৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। আগামী দু’দিন ধরে তোলপাড় করবে এই ঝড়। ফিলিপিন্সের ছয় প্রদেশে ‘সিগন্যাল ফোর’ অ্যালার্ট জারি করা হয়েছে।
সে দেশের মানুষকে ঝড়ের ভয়াবহতা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর আগে ২০১৩-র নভেম্বরে এই ফিলিপিন্সে একটি সিগন্যাল ফোর স্তরের ভয়ঙ্কর ঝড় হয়েছিল। তাতে ফিলিপিন্স জুড়ে ৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তবে ২০১৮-তে এটাই সবথেকে ভয়ঙ্কর ঝড় বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
জাপান মিটিরিওলজিক্যাল এজেন্সির হিরোশি ইশিহারা জানিয়েছেন, ”এবছরের মধ্যে এটাই সবথেকে ভয়ঙ্কর ঝড়।” ফিলিপিন্সের এই অঞ্চলে প্রচুর ফসল উৎপন্ন হয়। পূর্বাভাস পেয়েই সেই ফসল সরিয়ে নিতে ব্যস্ত কৃষকরা। মাংখুট নামের ওই ঝড়ের রাস্তায় পড়বে অন্তত ৪০ লক্ষ মানুষ। তাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এর আগের টাইফুনের তুলনায় এটি দ্বিগুণ শক্তিশালী বলে জানা গিয়েছে। এরপরই হবে বন্যা। তাতে ক্ষয়ক্ষতি বাড়বে আরও।
প্রত্যেক বছরেই অন্তত ২০টা টাইফুনের মুখোমুখি হয় ফিলিপিন্স। শ’য়ে শ’য়ে মানুষের মৃত্যু হয় সেসব ঝড়ে। এ বারও চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে সেই দেশ।