দ্য ওয়াল ব্যুরো: গত সোমবার কী কাণ্ডটাই না হল। মান-অভিমান ভেঙে শেষ পর্যন্ত তাঁদের মিছিলে হাজিরই করাতে পারেনি রাজ্য বিজেপি নেতৃত্ব!
শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এই দুজনকে নিয়ে বিড়ম্বনার শেষ নেই বিজেপির। তবে তার কি অবসান হতে চলেছে?
বিজেপির বাইক মিছিলে এই যুগলের না যাওযা়য় তীব্র প্র্তিক্রিয়া হয় বিজেপিতে। পার্টি অফিসে যে ঘর শোভন চট্টোপাধ্যায়ের নামে বরাদ্দ ছিল তার নেমপ্লেট খুলে তালা লাগিয়ে দেওয়া হয়। দলের উপরতলা থেকেই আওয়াজ উঠে গেছিল 'ট্রু লাভ হঠাও।'
এই পরিস্থিতিতে ফের কাল সোমবার দক্ষিণ কলকাতার মিছিলে হাঁটবেন বলে কথা দেন শোভন-বৈশাখী। তার আগের দিন আজ রবিবার দুজন ঘুরে গেলেন হেস্টিংসে বিজেপি দফতরে।
গত মিছিলের আগেই বৈশাখী জানিয়েছিলেন তিনি বাইক র্যালিতে যাবেন না। কমিটি নিয়ে তাঁর আপত্তি রয়েছে। দুপুরের পর শোভনও নাকি বান্ধবীর মতো বেঁকে বসেন। তারপরেই শোভন-বৈশাখীর গোল পার্কের ফ্ল্যাটে গিয়েছেন বিজেপি নেতৃত্ব। যদি বুঝিয়েসুজিয়ে আনা যায়। বৈশাখী না এলেও যাতে শোভন আসেন তার জন্য চেষ্টা চলে। কিন্তু শেষ পর্যন্ত কেউ আসেননি।
তারপর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, শোভন বৈশাখীর এখনও সুর মেলেনি। মেদিনীপুরের সাংসদ এও স্পষ্ট করে দেন, বিজেপির মতো দলে তাঁদের দলীয় শৃঙ্খলা মেনেই চলতে হবে। অর্থাত্ বিজেপির সুরেই বাজতে হবে তাঁদের।
এমনিতে বিজেপিতে যোগ দেওয়ার পর অনেক সময় কেটে গেছে। শোভন-বৈশাখীকে সক্রিয় করা যায়নি। অনেকে বলছেন, হয়তো সেই টিউন মেলানোর কসরত শুরু করে দিলেন শোভন-বৈশাখী।