দ্য ওয়াল ব্যুরো: করোনা যোদ্ধা চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীদের যদি সংক্রমণে মৃত্যু হয়, তাহলে তাঁদের শহিদের মর্যাদা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। নবীন পট্টনায়ক সরকার জানিয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় করোনা যোদ্ধাদের শেষকৃত্য সম্পন্ন হবে।
মঙ্গলবার ওড়িশা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃত ফ্রন্টলাইন ওয়ার্কারের পরিবারের একজনকে সরকার চাকরি দেওয়ার প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। আগেই ওড়িশা সরকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ৫০ লক্ষ টাকার বিমার কথা ঘোষণা করেছিল।
ওড়িশার জয়পুরে একটি সাধারণ হাসপাতালে এক রোগীর শরীরে কোভিড-১৯ পজিটিভ মিলেছে। তারপরই ওই হাসপাতালের ১৯ জন ডাক্তার-নার্সকে কোয়ারেনটাইনে পাঠিয়েছে সরকার।
নবীণ পট্টনায়ক এদিনও ভূয়সী প্রশংসা করেন ফ্রন্টলাইন ওয়ার্কারদের। তাঁর কথায়, "চিকিৎসক, নার্স, আশাকর্মীরা যে ভাবে সামনে দাঁড়িয়ে লড়ছেন তা অবর্ণনীয়। তাঁরা সেনাবাহিনীর মতো কাজ করছেন।"
দেশের বিভিন্ন রাজ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে। মধ্যপ্রদেশ থেকে কর্ণাটক, বিহার থেকে ঝাড়খণ্ডে গণরোষের মুখে পড়তে হয় তাঁদের। এই ঘটনা ঠেকাতে আরও কড়া হতে সমস্ত রাজ্যকে চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এদিন নবীন পট্টনায়ক বলেছেন, ওই ধরনের ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নেবে প্রশাসন।
এমনিতেই উদ্বেগ বাড়ছে ওড়িশার। মঙ্গলবার সংক্রামিতের সংখ্যা সর্বাধিক বৃদ্ধি পেয়েছে। বাংলা থেকে ফেরা লোকজনের পজিটিভ ধরা পড়ছে। গতকাল ১৩ জনের শরীরে পজিটিভ ধরা পড়েছিল। তার মধ্যে ১০ জনেরই কলকাতা যোগ ছিল।