শেষ আপডেট: 23 March 2020 19:12
কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা আবেদন জানিয়ে বলেছেন, "ঘরে থাকুন। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন।" হুঁশিয়ারির সুরে নগরপাল জানিয়ে দিয়েছেন, কলকাতার আনাচেকানাচে পুলিশি অভিযান চলবে।
গত ২৪ ঘণ্টায় ভারতে ৭৫জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ মিলেছে। সোমবার মৃত্যু হয়েছে দু'জনের। এরপরই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় ৩০টি রাজ্যে পূর্ণ লকডাউনের। মোট ৫৪৮টি জেলা পড়ছে লকডাউনের আওতায়। কলকাতায় এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে.সোমবার। পরিস্থিতি যখন ক্রমশ জটিল হচ্ছে তখনও জনগণের একাংশের মধ্যে উদ্বেগের লেশমাত্র নেই।
রবিবার জনতা কার্ফুর দুপুর থেকেই একের পর এক রাজ্য লকডাউন ঘোষণা করতে শুরু করে দেয়। কিন্তু তা ছিল আংশিক। বাংলাতেই যেমন বেছে বেছে এলাকায় লকডাউন ঘোষণা করেছিল নবান্ন। কিন্তু সোমবারের অভিজ্ঞতা দেশজুড়ে বিশেষ ভাল না। রাজ্যের যেসব জায়গায় লকডাউন ছিল না সেসব জায়গায় দেখা গিয়েছে বাজার-হাট, চায়ের দোকানে ভিড় জমিয়ে দিয়েছেন সাধারণ মানুষ। খেলার মাঠে চলছে চুটিয়ে খেলাধূলা। সন্ধের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে বাংলার বহু জেলায়। জটলা দেখলেই লাঠি নিয়ে তাড়া করে.পুলিশ। বহু জায়গায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনীও। কলকাতায় গ্রেফতারির সংখ্যা দেখেই ঠাওর হচ্ছে প্রশাসন ঠিক কতটা কড়া হাতে করোনাভাইরাস মোকাবিলা করতে চাইছে।
সোমবার রাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ড্যাশবোর্ড অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪৭১-এ। এরমধ্যে রয়েছেন ৪১জন বিদেশি নাগরিক। অনেকের বক্তব্য ভারতে করোনা ভাইরাস তৃতীয় স্টেজ অর্থাৎ গোষ্ঠী সংক্রমণে ঢুকে গিয়েছে। এদিন বিকেলেই ডোমেস্টিক তথা অভ্যন্তরীণ বিমান পরিষেবাও বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এবার লকডাউনকে সম্পূর্ণ করতে রাস্তায় নেমে পড়ল প্রশাসন।