
শেষ আপডেট: 4 May 2019 11:44
শনিবার দুপুরের দিকে টাঙ্গাইল, পাবনা ও ময়মনসিংহে অবস্থান করছিল ঘূর্ণিঝড় ফণী। তার আগে সকাল ন'টার দিকে ঘূর্ণিঝড়টি ফরিদপুর-ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে ছিল। বেলা দেড়টার দিকে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে ঘূর্ণিঝড়টি এখন নিম্নচাপে পরিণত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড়টির কেন্দ্র বাংলাদেশের জামালপুর ও তার আশপাশে অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যেই এটি অসমের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। এই সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ঝড়ের গতিবেগ ৬২ কিলোমিটার, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে আগামী ২৪ ঘণ্টায় ফণীর কারণে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া দফতরের প্রধান শাসুদ্দীন আহমেদ শনিবার দুপুরে জানিয়েছেন, বাংলাদেশ এখন অনেকটা ঝুঁকিমুক্ত। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে এর বদলে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালি, লক্ষ্মীপুর, ফেনি, বরগুনা, বরিশাল, পটুয়াখালি, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার উপকূল এলাকায় দুই থেকে চার ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।